সোমবার, নভেম্বর ২, ২০২৬

লাইট ইঞ্জিনিয়ারিং সেক্টরে একজন নারী হিসেবে লতিফা বেগম একটি উজ্জ্বল দৃষ্টান্ত

  • নিজস্ব প্রতিবেদক
  • ২০২৬-১১-০১ ১৯:২৬:১২

ঋণের চাপে যখন বন্ধ হওয়ার উপক্রম শাকিব মেটাল, তখন হাল ছাড়েননি লতিফা বেগম। স্বামীর পাশে দাঁড়িয়ে ব্যবসার দায়িত্ব নেন নিজের কাঁধে। ১৪ বছরের পথচলায় তিনি হয়ে উঠেছেন এই প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী। এখন তাঁর ব্যবসায় যুক্ত হয়েছে পরিবেশবান্ধব উৎপাদনের ভাবনাও। 
পুরান ঢাকার জুরাইন রেল গেটের পাশে দক্ষিণ যাত্রা বাড়ীর কসাই পট্টির একটি সরু গলির ভিতর চৌদ্দ বছর আগে প্রতিষ্ঠিত হওয়া শাকিব মেটাল একসময় ঋণের চাপে জর্জরিত হয়ে ভবিষ্যৎ অনিশ্চয়তার মধ্যে পড়েছিল। ব্যবসা ছেড়ে দেওয়ার কথা ভাবছিলেন লতিফা বেগমের স্বামী। এমন পরিস্থিতিতে পরিবারের ব্যবসার হাল ধরেন লতিফা বেগম। সহজ ছিল না সেই কঠিন সিদ্ধান্তটি নেয়া। তবু পিছিয়ে না গিয়ে ব্যবসাটি টিকিয়ে রাখার চেষ্টা চালিয়ে যান। সেই থেকে শুরু। গত ১৪ বছরে যন্ত্রপাতি ও সরঞ্জাম খাতে কাজ করতে করতে আজ তিনি শাকিব মেটালের স্বত্বাধিকারী। তাঁর এই পথচলা শুধু একটি ব্যবসা টিকিয়ে রাখার গল্প নয়; এটি সংকটের সময়ে দায়িত্ব নেওয়া, নিজের সক্ষমতার ওপর আস্থা রাখা এবং প্রতিকূলতার মধ্যেও এগিয়ে যাওয়ার গল্প। ব্যবসা পরিচালনা মানে শুধু উৎপাদন আর আয়-ব্যয়ের হিসাব নয়। কর্মশালার পরিবেশ কেমন, বিদ্যুৎ কতটা সাশ্রয়ীভাবে ব্যবহার হচ্ছে, বর্জ্য কীভাবে ব্যবস্থাপনা করা হচ্ছে-এসব বিষয়ও গুরুত্বপূর্ণ। এই ভাবনাকে সামনে রেখে শাকিব মেটালেও যুক্ত হয়েছে পরিবেশবান্ধব উৎপাদনচর্চা। লতিফা বেগম বাস্তব-ইনিসিয়েটিভ ফর পিপল্স সেল্ফ ডেভেলপমেন্ট -এর বাস্তবায়নে পরিচালিত SMART প্রকল্পের যন্ত্রপাতি ও সরঞ্জাম উপ-খাতের আওতায় আর্থিক সহায়তা পেয়েছেন। পাশাপাশি, তাঁর কর্মশালাকে আরও পরিবেশবান্ধব করে তুলতে দেওয়া হয়েছে রিসোর্স এফিশিয়েন্ট ক্লিনার প্রোডাকশন (RECP) সহায়তার অংশ হিসেবে কানখানায় পরিবেশবান্ধব এলইডি বাতি, এগজষ্ট ফ্যান, পিপিই এবং বর্জ্য ব্যবস্থাপনার জন্য বর্জ্য রাখার বিনের মতো উপকরণ সরবরাহ করা হয়েছে। 
এলইডি বাতির ব্যবহার বিদ্যুৎ সাশ্রয়ে সহায়তা করতে পারে। অন্যদিকে, বর্জ্য রাখার নির্দিষ্ট বিন কর্মশালায় বর্জ্য ব্যবস্থাপনাকে আরও সুশৃঙ্খল করতে সাহায্য করে। আপাতদৃষ্টিতে ছোট মনে হলেও এ ধরনের উদ্যোগ কর্মক্ষেত্রে পরিচ্ছন্নতা ও সম্পদের দায়িত্বশীল ব্যবহারের অভ্যাস গড়ে তুলতে ভূমিকা রাখে। লাইট ইঞ্জিনিয়ারিং সেক্টরে সচরাচর কোন নারী উদ্যোক্তা দেখা যায় না। লতিফা শুধু একজন নারী উদ্যোক্তাই নন, তিনি তাঁর কারখানায় আরো সাতজন নারী কর্মীর কর্মসংস্থানের ব্যবস্থাও করেছেন।
লতিফা বেগমের অভিজ্ঞতা সম্পর্কে বলতে গিয়ে তাঁর নিজের বক্তব্যই এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ। 
তাঁর ভাষায়:“একসময় ব্যবসাটা টিকিয়ে রাখা কঠিন হয়ে পড়েছিল। কিন্তু আমি হাল ছাড়িনি। নিজের চেষ্টা আর প্রয়োজনীয় সহায়তা নিয়ে ব্যবসাটিকে এগিয়ে নিতে চেয়েছি। এখন কর্মশালাকে আরও পরিবেশবান্ধব করে গড়ে তোলার দিকেও মনোযোগ দিচ্ছি। আমি চাই, আমার মতো অন্য নারীরাও সাহস নিয়ে ব্যবসায় এগিয়ে আসুক ও আরো নারীদের কর্মসংস্থানের ব্যবস্থা করুক।”
বিশ্বব্যাংক ও পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশনের (PKSF) অর্থায়নে পরিচালিত SMART প্রকল্পের লক্ষ্য ক্ষুদ্র উদ্যোগের টেকসই প্রবৃদ্ধি উৎসাহিত করা এবং সম্পদের দক্ষ ব্যবহার ও পরিবেশবান্ধব উৎপাদন পদ্ধতি ছড়িয়ে দেওয়া। এই প্রকল্পের আওতায় BASTOB যন্ত্রপাতি ও সরঞ্জাম খাতের উদ্যোক্তাদের আর্থিক সহায়তা এবং RECP চর্চা গ্রহণে সহযোগিতা করছে। “Promoting Sustainable Growth in the Machinery and Equipment Sub-sector through RECP Practices” শীর্ষক উপপ্রকল্পের মাধ্যমে ব্যবসার উন্নয়ন ও পরিবেশগত দায়িত্বশীলতাকে পাশাপাশি এগিয়ে নেওয়ার উদ্যোগ বাস্তবায়িত হচ্ছে। শাকিব মেটালের মতো ক্ষুদ্র উদ্যোগে পরিবেশবান্ধব চর্চা যুক্ত করা এই প্রচেষ্টারই অংশ।
যে ব্যবসার ভবিষ্যৎ একসময় অনিশ্চিত হয়ে পড়েছিল, আজ সেই ব্যবসার নেতৃত্বে রয়েছেন লতিফা বেগম। তাঁর পথচলা মনে করিয়ে দেয়, সংকটের সময়ে দায়িত্ব নেওয়ার সাহস অনেক সময় নতুন সম্ভাবনার দরজা খুলে দেয়।
নারীদের জন্য শিল্প ও উৎপাদন খাতে কাজ করার সুযোগ বাড়ানো, প্রয়োজনীয় আর্থিক সহায়তা নিশ্চিত করা এবং পরিবেশবান্ধব উৎপাদনের চর্চা ছড়িয়ে দেওয়া-সবই টেকসই অর্থনৈতিক উন্নয়নের গুরুত্বপূর্ণ অংশ।লতিফা বেগমের গল্প তাই কেবল তাঁর নিজের সাফল্যের গল্প নয়। এটি এমন এক সম্ভাবনার কথাও বলে, যেখানে নারীর উদ্যোগ, প্রাতিষ্ঠানিক সহযোগিতা এবং পরিবেশের প্রতি দায়িত্ববোধ একসঙ্গে এগিয়ে যেতে পারে।

 


এ জাতীয় আরো খবর