বৃহস্পতিবার, অক্টোবর ২৯, ২০২৬

বাংলাদেশ-জাপান ছয় সহযোগিতা দলিল সই,মিলবে ২৯৫.৫ মিলিয়ন ডলার ঋণ

  • আন্তর্জাতিক ডেস্ক
  • ২০২৬-১০-২৮ ২৩:৩৭:০১
ছবি: সংগৃহীত।

প্রধানমন্ত্রী তারেক রহমানের জাপান সফরে বাংলাদেশ ও জাপানের মধ্যে ছয়টি দ্বিপক্ষীয় সহযোগিতা দলিল স্বাক্ষরিত হয়েছে। পাশাপাশি দুটি উন্নয়ন প্রকল্পে বাংলাদেশকে প্রায় ২৯৫ দশমিক ৫ মিলিয়ন মার্কিন ডলার ঋণ দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে জাপান।
২৬ থেকে ২৯ অক্টোবর প্রধানমন্ত্রীর চার দিনের সরকারি সফরের অংশ হিসেবে এসব সহযোগিতা চুক্তি ও ঋণ প্রতিশ্রুতি পাওয়া যায়। বিষয়গুলো নিশ্চিত করেছেন প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব শাহাদাত স্বাধীন।
স্বাক্ষরিত দলিলগুলোর একটি হলো বাংলাদেশের সামুদ্রিক নিরাপত্তা সক্ষমতা বাড়াতে টহল জাহাজ সরবরাহের জন্য সর্বোচ্চ ২ দশমিক ১২ বিলিয়ন জাপানি ইয়েন বা প্রায় ১৩ দশমিক ৪৪ মিলিয়ন ডলারের অনুদান চুক্তি।
এ ছাড়া অর্থনৈতিক সম্পর্ক ও ব্যবসার পরিবেশ উন্নয়ন, কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদ, দক্ষতা উন্নয়নের মাধ্যমে কর্মসংস্থান এবং জলবায়ু পরিবর্তন মোকাবিলায় সহযোগিতার জন্য পৃথক দলিল স্বাক্ষর হয়েছে।
জাপানের সঙ্গে অর্থনৈতিক সহযোগিতা বাড়ানোর পাশাপাশি বাংলাদেশে বিনিয়োগ পরিবেশ উন্নয়নের একটি প্রকল্পে ১৫ দশমিক ৮৮ বিলিয়ন ইয়েন বা ১০০ দশমিক ৮ মিলিয়ন ডলার ঋণের প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। একই সঙ্গে উপজেলা পরিচালন ও উন্নয়ন প্রকল্পের দ্বিতীয় পর্যায়ের জন্য আরও ৩০ দশমিক ৬৮ বিলিয়ন ইয়েন বা ১৯৪ দশমিক ৭ মিলিয়ন ডলার ঋণ দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে জাপান।
দুটি প্রকল্পে ঋণের মোট পরিমাণ দাঁড়িয়েছে ৪৬ দশমিক ৫৬ বিলিয়ন জাপানি ইয়েন, যা প্রায় ২৯৫ দশমিক ৫ মিলিয়ন মার্কিন ডলার।
সফরকালে প্রধানমন্ত্রী তারেক রহমান জাপানের রাজনৈতিক নেতা, ব্যবসায়ী ও উন্নয়ন সহযোগীদের সঙ্গে বৈঠক করেছেন। এসব আলোচনায় বিনিয়োগ, প্রযুক্তি হস্তান্তর, দক্ষতা উন্নয়ন ও বাণিজ্য সম্প্রসারণের পাশাপাশি বাংলাদেশের অর্থনৈতিক সম্ভাবনা তুলে ধরা হয়।
এর আগে ২৭ অক্টোবর টোকিওতে জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির সঙ্গে দ্বিপক্ষীয় শীর্ষ বৈঠকে দুই দেশ কৌশলগত অংশীদারত্ব আরও জোরদার এবং অর্থনৈতিক সহযোগিতা সম্প্রসারণে একমত হয়। একই সঙ্গে ‘বে অব বেঙ্গল ইন্ডাস্ট্রিয়াল গ্রোথ বেল্ট’ (বিগ-বি) উদ্যোগকে ‘বিগ-বি ফর শেয়ার্ড প্রসপারিটি’ নামে আরও বিস্তৃত সহযোগিতা কাঠামোয় উন্নীত করার বিষয়ে দুই নেতা সম্মতি জানান।
চার দিনের সফরে পাওয়া এসব চুক্তি, অনুদান ও ঋণ প্রতিশ্রুতির মাধ্যমে বাংলাদেশ-জাপান সহযোগিতার পরিধি অর্থনীতি থেকে শুরু করে সামুদ্রিক নিরাপত্তা, কৃষি, দক্ষতা উন্নয়ন ও জলবায়ু পর্যন্ত আরও বিস্তৃত হলো।

বাংলাদেশ-জাপান চুক্তি, তারেক রহমান জাপান সফর, ২৯৫.৫ মিলিয়ন ডলার ঋণ


এ জাতীয় আরো খবর