যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যের পাম বিচ কাউন্টির একটি আবাসিক এলাকায় ছোট একটি ব্যবসায়িক বিমান বিধ্বস্ত হয়ে এতে থাকা নয়জনের সবাই নিহত হয়েছেন। রোববার (১ নভেম্বর) স্থানীয় সময় দুপুর ১২টা ৫০ মিনিটের দিকে এ দুর্ঘটনা ঘটে।
ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন (এফএএ) জানিয়েছে,লিয়ারজেট-৬০ মডেলের বিমানটি টেক্সাসের অস্টিন থেকে বাহামার নর্থ এলিউথেরা যাওয়ার পথে দুর্ঘটনার কবলে পড়ে। বিমানটি আবাসিক এলাকার একটি সড়কের পাশে আছড়ে পড়ে আগুন ধরে যায়।
দুর্ঘটনার পর ঘটনাস্থলে ব্যাপক ধ্বংসাবশেষ ছড়িয়ে পড়ে এবং সড়কের পাশে বড় গর্তের সৃষ্টি হয়। আগুন ও ঘন কালো ধোঁয়ায় আশপাশের এলাকা ঢেকে যায়। কাছাকাছি কয়েকটি বাড়ি ও স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে বলে স্থানীয় কর্মকর্তারা জানিয়েছেন। তবে মাটিতে থাকা কারও নিহত বা আহত হওয়ার তাৎক্ষণিক খবর পাওয়া যায়নি।
দুর্ঘটনার কারণ এখনো নিশ্চিত হয়নি। তবে বিমানটির শেষ মুহূর্তের এয়ার ট্রাফিক কন্ট্রোল যোগাযোগের তথ্য থেকে জানা গেছে, পাইলট উড়োজাহাজে বরফ জমা, বৃষ্টিপাত ও মাঝারি মাত্রার ঝাঁকুনির কথা জানিয়েছিলেন।
এরপর বিমানটি দ্রুত উচ্চতা হারাতে শুরু করে। পাইলট জরুরি সংকেত পাঠিয়ে নিয়ন্ত্রণকক্ষকে জানান, বিমানটি অস্বাভাবিক দ্রুতগতিতে নিচের দিকে নামছে। কিছুক্ষণের মধ্যেই সেটি তীব্রভাবে ডান দিকে বাঁক নিয়ে মাটিতে আছড়ে পড়ে।
প্রাথমিক তথ্য অনুযায়ী, বিমানের পতনের সময় ভারী বৃষ্টি ও বজ্রঝড় চলছিল। আবহাওয়ার পরিস্থিতি দুর্ঘটনার পেছনে কোনো ভূমিকা রেখেছিল কি না, তা তদন্ত করে দেখা হচ্ছে। তদন্তকারীরা বিমানে বরফ জমা, তীব্র ঝাঁকুনি এবং পাইলটের জরুরি পরিস্থিতি মোকাবিলার বিষয়গুলোও খতিয়ে দেখছেন।
মার্কিন পরিবহনমন্ত্রী শন ডাফি দুর্ঘটনাটিকে অত্যন্ত মর্মান্তিক ঘটনা হিসেবে উল্লেখ করেছেন। দুর্ঘটনার কারণ অনুসন্ধানে ন্যাশনাল ট্রান্সপোর্টেশন সেফটি বোর্ড (এনটিএসবি) তদন্ত শুরু করেছে এবং এফএএ তদন্তে সহায়তার জন্য একটি দল পাঠিয়েছে।
ফ্লোরিডার গভর্নর রন ডিস্যান্টিস দুর্ঘটনাস্থলে গিয়ে ঘটনাটিকে বড় ধরনের ট্র্যাজেডি হিসেবে বর্ণনা করেন। তার ভাষ্য অনুযায়ী, বিমানটি আকাশ থেকে অত্যন্ত দ্রুতগতিতে নেমে এসে মাটিতে আঘাত করে এবং সঙ্গে সঙ্গে বড় ধরনের বিস্ফোরণ ঘটে।
দুর্ঘটনার পর আশপাশের একটি মোবাইল হোম কমিউনিটির প্রায় ৬০০ বাসিন্দাকে নিরাপত্তার জন্য সরিয়ে নেওয়া হয়েছে। দুর্ঘটনাস্থল ঘিরে সড়কও বন্ধ রাখা হয়েছে।
বিমানে থাকা নয়জনের পরিচয় তাৎক্ষণিকভাবে প্রকাশ করা হয়নি। দুর্ঘটনার প্রকৃত কারণ এবং উড়োজাহাজটি কেন নিয়ন্ত্রণ হারিয়েছিল, তদন্ত শেষ হওয়ার পর সে বিষয়ে বিস্তারিত জানা যাবে।
ফ্লোরিডা বিমান দুর্ঘটনা, লিয়ারজেট-৬০, যুক্তরাষ্ট্রে বিমান বিধ্বস্ত