বৃহস্পতিবার, অক্টোবর ২৯, ২০২৬

স্পেনে দুই দ্রুতগতির ট্রেনের সংঘর্ষ, নিহত ৬৮

  • আন্তর্জাতিক ডেস্ক
  • ২০২৬-১০-২৯ ০৯:৪৭:৪৫
ছবি: সংগৃহীত।

স্পেনের রাজধানী মাদ্রিদের দক্ষিণে দুটি দ্রুতগতির ট্রেনের ভয়াবহ সংঘর্ষে নিহতের সংখ্যা বেড়ে ৬৮ জনে দাঁড়িয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও বহু মানুষ। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। দুর্ঘটনাটি চলতি শতাব্দীতে ইউরোপের অন্যতম প্রাণঘাতী রেল দুর্ঘটনায় পরিণত হয়েছে।
বুধবার সকালে মাদ্রিদ-সেভিয়া দ্রুতগতির রেলপথে তোলেদো প্রদেশের উর্দার কাছে এ দুর্ঘটনা ঘটে। একটি স্থির অবস্থায় থাকা ইরিওর ট্রেনকে পেছন থেকে ধাক্কা দেয় রাষ্ট্রীয় রেল কোম্পানি রেনফের একটি দ্রুতগতির ট্রেন। সংঘর্ষের তীব্রতায় কয়েকটি বগি লাইনচ্যুত হয়ে রেললাইনের পাশের ঢালে পড়ে যায়।
দুর্ঘটনার সময় দুই ট্রেনে মোট ৫৪৪ জন যাত্রী ছিলেন। এর মধ্যে ইরিওর ট্রেনে ছিলেন ১৪৭ জন এবং রেনফের ট্রেনে ৩৯৭ জন। উদ্ধারকর্মীরা ধ্বংসস্তূপে আটকে পড়াদের উদ্ধারে দীর্ঘ সময় অভিযান চালান।
দুর্ঘটনার পর মাদ্রিদ থেকে আন্দালুসিয়া পর্যন্ত গুরুত্বপূর্ণ দ্রুতগতির রেল যোগাযোগ বন্ধ করে দেওয়া হয়। উদ্ধারকাজে বিপুলসংখ্যক জরুরি সেবাকর্মী, চিকিৎসক ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য অংশ নেন। ঘটনাস্থলে হেলিকপ্টারও মোতায়েন করা হয়।
স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ দুর্ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন। তিনি ঘটনাস্থলের উদ্দেশে রওনা হন এবং নিহতদের স্বজন ও আহতদের প্রতি সমবেদনা জানান। দেশটির রাজপরিবারও হতাহতদের পরিবার ও উদ্ধারকর্মীদের প্রতি সংহতি প্রকাশ করেছে। ইউরোপীয় ইউনিয়নও প্রয়োজন হলে স্পেনকে সহায়তার প্রস্তুতির কথা জানিয়েছে।
এদিকে দুর্ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত শুরু হয়েছে। প্রাথমিকভাবে রেল নিরাপত্তা ব্যবস্থায় ত্রুটির বিষয়টি তদন্তকারীদের নজরে এসেছে। তবে দুর্ঘটনার পূর্ণাঙ্গ কারণ এখনো আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করা হয়নি।
এর মাত্র নয় মাস আগে, গত জানুয়ারিতে স্পেনের আদামুজ এলাকায় একই মাদ্রিদ-আন্দালুসিয়া রেলপথে আরেকটি ভয়াবহ দুর্ঘটনায় ৪৬ জন নিহত হয়েছিলেন। ফলে পরপর দুটি বড় দুর্ঘটনা দেশটির দ্রুতগতির রেলব্যবস্থার নিরাপত্তা ও রক্ষণাবেক্ষণ নিয়ে নতুন করে প্রশ্ন তৈরি করেছে।
স্পেনের দ্রুতগতির রেল নেটওয়ার্ক বিশ্বের অন্যতম বৃহৎ। বিপুল বিনিয়োগের ফলে চীনের পর দেশটি বিশ্বের দ্বিতীয় বৃহত্তম দ্রুতগতির রেল নেটওয়ার্ক গড়ে তুলেছে। ১৯৯২ সালে মাদ্রিদ-সেভিয়া রুট দিয়ে দেশটির দ্রুতগতির রেলযাত্রার সূচনা হয়েছিল।

স্পেন ট্রেন দুর্ঘটনা, মাদ্রিদ ট্রেন সংঘর্ষ, ৬৮ জন নিহত


এ জাতীয় আরো খবর