বুধবার, অক্টোবর ২৮, ২০২৬

অন্ধ্র উপকূলে ঘূর্ণিঝড় অর্ণবের আঘাত, বাংলাদেশেও সতর্কতা

  • আন্তর্জাতিক ডেস্ক
  • ২০২৬-১০-২৮ ০৯:৫৩:৩৬
ছবি: সংগৃহীত।

ভারতের অন্ধ্রপ্রদেশের উপকূলে আছড়ে পড়েছে শক্তিশালী ঘূর্ণিঝড় ‘অর্ণব’। বুধবার (২৮ অক্টোবর) ভোরে কাকিনাড়া ও ইয়ানাম উপকূলের কাছাকাছি এলাকায় ঘূর্ণিঝড়টির ল্যান্ডফল প্রক্রিয়া শুরু হয়। এ সময় ঝড়ের গতিবেগ ছিল ঘণ্টায় ১২৫ থেকে ১৩৫ কিলোমিটার, যা দমকা হাওয়ায় আরও বেশি হয়েছে।
ভারতের আবহাওয়া বিভাগ জানিয়েছে, ঘূর্ণিঝড়টির কেন্দ্র উপকূলের খুব কাছে অবস্থান করছে এবং কয়েক ঘণ্টা ধরে ল্যান্ডফল প্রক্রিয়া চলতে পারে। অন্ধ্রপ্রদেশের কাকিনাড়া, কোনাসীমা ও পশ্চিম গোদাবরীসহ উপকূলীয় এলাকায় প্রবল বৃষ্টি ও ঝোড়ো হাওয়া বয়ে যাচ্ছে।
ঘূর্ণিঝড়ের প্রভাবে বিভিন্ন এলাকায় গাছ ও বিদ্যুতের খুঁটি উপড়ে পড়েছে। কোথাও কোথাও বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে গেছে এবং সড়ক যোগাযোগও ব্যাহত হয়েছে। ইয়ানামের কাছে জাতীয় মহাসড়কের ওপর গাছ পড়ে যান চলাচলে সমস্যা তৈরি হলে দুর্যোগ মোকাবিলা বাহিনী তা সরানোর কাজ শুরু করে।
পরিস্থিতি মোকাবিলায় অন্ধ্রপ্রদেশের উপকূলীয় এলাকা থেকে বাসিন্দাদের নিরাপদ আশ্রয়কেন্দ্রে সরিয়ে নেওয়া হয়েছে। ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর পাশাপাশি গর্ভবতী নারীদেরও চিকিৎসাকেন্দ্রে নেওয়া হয়েছে। ঝড়ের কারণে কয়েকটি বিমানবন্দরে উড়োজাহাজ চলাচল এবং একাধিক ট্রেন পরিষেবা বন্ধ বা বাতিল করা হয়েছে।
এদিকে ঘূর্ণিঝড় অর্ণবের প্রভাবে বাংলাদেশের উপকূলীয় এলাকাতেও সতর্কতা জারি রয়েছে। আবহাওয়া অধিদফতরের নির্দেশনায় চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্কসংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।
উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারগুলোকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সতর্কতার সঙ্গে চলাচলের পরামর্শ দেওয়া হয়েছে। একই সঙ্গে সমুদ্রবন্দর ও উপকূলীয় এলাকায় দমকা বা ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে।
আবহাওয়া অধিদফতরের সতর্কবার্তায় আরও বলা হয়েছে, যশোর, কুষ্টিয়া, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, চট্টগ্রাম ও কক্সবাজার অঞ্চলে দক্ষিণ বা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে দমকা বা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। এসব এলাকার নদীবন্দরকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।
অর্ণবের প্রভাবে ভারতের পশ্চিমবঙ্গের উপকূলীয় এলাকাতেও বৃষ্টি ও ঝোড়ো হাওয়া শুরু হয়েছে। কলকাতাসহ দক্ষিণবঙ্গের বিভিন্ন এলাকায় আবহাওয়ার অবনতি হয়েছে। বুধবার দক্ষিণবঙ্গের জেলাগুলোতে ঝড়ো হাওয়ার পাশাপাশি বৃষ্টির পূর্বাভাস রয়েছে এবং কয়েকটি এলাকায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
ঘূর্ণিঝড়টি ভারতের উপকূলে আঘাত হানলেও এর প্রভাবে বঙ্গোপসাগরের আবহাওয়া অস্থির থাকায় বাংলাদেশের উপকূলীয় অঞ্চলে সতর্কতা অব্যাহত রাখার পরামর্শ দেওয়া হয়েছে।

ঘূর্ণিঝড় অর্ণব, Cyclone Arnab, অন্ধ্রপ্রদেশে ঘূর্ণিঝড়, বাংলাদেশে সতর্কতা, বঙ্গোপসাগরের আবহাওয়া


এ জাতীয় আরো খবর