রবিবার, অক্টোবর ২৫, ২০২৬

টেক্সটাইল খাতে বিদেশি বিশেষজ্ঞ নির্ভরতা কমানোর আহ্বান রাষ্ট্রপতির

  • সকালের আলো ডেস্ক
  • ২০২৬-১০-২৫ ২১:৪১:১৮
ছবি: সংগৃহীত।

দেশের টেক্সটাইল শিল্পের চাহিদা পূরণে আন্তর্জাতিক মানের দক্ষ ও বিশেষজ্ঞ প্রকৌশলী দেশেই তৈরি করার ওপর গুরুত্ব দিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। একই সঙ্গে এ খাতে বিদেশি বিশেষজ্ঞদের ওপর নির্ভরতা কমিয়ে দেশীয় দক্ষ জনশক্তির সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন তিনি।
আজ বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ের (বুটেক্স) উপাচার্য অধ্যাপক ড. মো. জুলহাস উদ্দিনের নেতৃত্বে সাত সদস্যের একটি প্রতিনিধিদল বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে গেলে তিনি এসব কথা বলেন।
রাষ্ট্রপতির প্রেস উইংয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
সাক্ষাৎকালে রাষ্ট্রপতি টেক্সটাইল খাতকে দেশের অন্যতম প্রধান অর্থনৈতিক খাত হিসেবে উল্লেখ করেন। তিনি বলেন, টেক্সটাইল ও সংশ্লিষ্ট শিল্পের জন্য প্রয়োজনীয় দক্ষ জনবল দেশেই গড়ে তুলতে হবে। পাশাপাশি শিক্ষার্থীরা যাতে দেশে ও বিদেশে উপযুক্ত কর্মসংস্থানের সুযোগ পান, সেদিকেও গুরুত্ব দেওয়া প্রয়োজন।
রাষ্ট্রপতির মতে,এর মাধ্যমে একদিকে দেশের দক্ষ জনশক্তির যথাযথ ব্যবহার নিশ্চিত হবে, অন্যদিকে বিদেশে কর্মসংস্থানের মাধ্যমে বৈদেশিক মুদ্রা অর্জনের সুযোগ বাড়বে।
টেক্সটাইল শিল্পের কাঁচামালের চাহিদা পূরণে দেশে তুলার উৎপাদন বাড়ানোর ওপরও গুরুত্ব দেন রাষ্ট্রপতি। এজন্য কৃষকদের তুলা চাষে উৎসাহিত করা, উৎপাদন ব্যয় কমানোর উপায় খুঁজে বের করা এবং কৃষি ও টেক্সটাইল খাতের মধ্যে আরও কার্যকর সমন্বয় গড়ে তোলার আহ্বান জানান তিনি।
একই সঙ্গে পাট,আনারসের পাতা,কলাগাছসহ বিভিন্ন প্রাকৃতিক উৎস থেকে তন্তু সংগ্রহ এবং সিনথেটিক সুতা তৈরির সম্ভাবনা নিয়ে গবেষণা জোরদারের পরামর্শ দেন রাষ্ট্রপতি। স্থানীয় কাঁচামাল ও বিকল্প তন্তুর ব্যবহার বাড়াতে গবেষণা ও উদ্ভাবনের ওপর আরও গুরুত্ব দেওয়া প্রয়োজন বলেও তিনি উল্লেখ করেন।
সাক্ষাৎকালে বুটেক্সের প্রতিনিধিদল বাংলাদেশের টেক্সটাইল ও তৈরি পোশাকশিল্পের বিকাশে বিশ্ববিদ্যালয়টির ভূমিকা এবং শিক্ষা ও গবেষণা কার্যক্রম সম্পর্কে রাষ্ট্রপতিকে অবহিত করেন।
এ সময় প্রতিনিধিদল বিশ্ববিদ্যালয়ের অবকাঠামোগত উন্নয়ন, আধুনিক গবেষণাগার স্থাপন, প্রয়োজনীয় জনবল বৃদ্ধি, ‘বিসিএস (টেক্সটাইল)’ নামে পৃথক ক্যাডার সৃষ্টি, বাজেট সম্প্রসারণ এবং ঢাকার পূর্বাচলে বুটেক্সের দ্বিতীয় ক্যাম্পাস প্রতিষ্ঠার জন্য জমি বরাদ্দসহ বিভিন্ন বিষয় রাষ্ট্রপতির সামনে তুলে ধরেন।
রাষ্ট্রপতি প্রতিনিধিদলের বক্তব্য মনোযোগ দিয়ে শোনেন এবং উত্থাপিত বিষয়গুলো সমাধানের জন্য সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সঙ্গে যোগাযোগের পরামর্শ দেন। এসব বিষয়ে প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাসও দেন তিনি।
সাক্ষাৎকালে বুটেক্সের উপাচার্য আগামী বছরের মার্চে বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় সমাবর্তন অনুষ্ঠানে রাষ্ট্রপতি ও চ্যান্সেলরকে সভাপতিত্ব করার আমন্ত্রণ জানান। রাষ্ট্রপতি আমন্ত্রণ গ্রহণ করে অনুষ্ঠানে উপস্থিত থাকার আশ্বাস দেন।
প্রতিনিধিদলে আরও উপস্থিত ছিলেন বুটেক্সের ফ্যাকাল্টি অব টেক্সটাইল ম্যানেজমেন্ট অ্যান্ড বিজনেস স্টাডিজের ডিন অধ্যাপক ড. মো. আহসান হাবীব, ফ্যাকাল্টি অব টেক্সটাইল ইঞ্জিনিয়ারিংয়ের ডিন অধ্যাপক শিল্পী আক্তার, ফ্যাকাল্টি অব সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিংয়ের ডিন অধ্যাপক ড. হাসিনা আখতার, ফ্যাকাল্টি অব টেক্সটাইল কেমিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের ডিন অধ্যাপক ড. রাশেদা বেগম দিনা এবং ফ্যাকাল্টি অব ফ্যাশন ডিজাইন অ্যান্ড অ্যাপারেল ইঞ্জিনিয়ারিংয়ের অধ্যাপক ড. লামইয়া জাহির।
এ সময় রাষ্ট্রপতির সামরিক সচিব, সচিব ও প্রেস সচিবসহ বঙ্গভবনের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

টেক্সটাইল খাত,বুটেক্স,দক্ষ প্রকৌশলী


এ জাতীয় আরো খবর