শুক্রবার, অক্টোবর ২৩, ২০২৬

ভারত সফরে বাণিজ্য ও নিরাপত্তায় নজর রুবিওর

  • আন্তর্জাতিক ডেস্ক
  • ২০২৬-১০-২১ ০৯:৫৮:১৫
ছবি: সংগৃহীত।

দ্বিপক্ষীয় বাণিজ্যিক সম্পর্ক এগিয়ে নেওয়া, আঞ্চলিক অংশীদারত্ব জোরদার এবং সন্ত্রাসী হামলায় নিহত ব্যক্তিদের প্রতি শ্রদ্ধা জানানো-বিভিন্ন কর্মসূচি নিয়ে ভারত সফর করছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। মঙ্গলবার মুম্বাইয়ে পৌঁছানোর মধ্য দিয়ে শুরু হয়েছে তাঁর এশিয়া সফরের ভারত পর্ব।
বার্তা সংস্থা এএফপির তথ্য অনুযায়ী, ভারত আসার আগে উজবেকিস্তান সফর করেন রুবিও। সেখানে মধ্য এশিয়ার দেশগুলোর সঙ্গে সহযোগিতা বাড়ানোর ওপর গুরুত্ব দেন তিনি। মুম্বাইয়ে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে আলোচনা এবং ব্যবসায়ী নেতাদের সঙ্গে বৈঠক করার কথা রয়েছে তাঁর।
চলতি বছরে এটি রুবিওর দ্বিতীয় সরকারি ভারত সফর। গত মে মাসে তিনি নয়াদিল্লি ও কলকাতা ঘুরে দেখেন। ওই সফরে তাজমহল পরিদর্শনের পাশাপাশি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে বৈঠকও করেছিলেন। তবে এবার মোদির সঙ্গে তাঁর সাক্ষাতের কোনো কর্মসূচি নেই।
ভারত সফরে গুজরাটের জামনগরেও যাওয়ার কথা রয়েছে মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর। শহরটি ধনকুবের মুকেশ আম্বানির রিলায়েন্স শিল্পগোষ্ঠীর অন্যতম প্রধান কেন্দ্র। সেখানে প্রতিষ্ঠানটির বিশ্বের বৃহত্তম তেল শোধনাগার অবস্থিত।
এ ছাড়া ২০০৮ সালের মুম্বাই হামলায় নিহত ১৬৬ জনের স্মরণে নির্মিত স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করবেন রুবিও। তাঁর সফরে কূটনৈতিক যোগাযোগের পাশাপাশি অর্থনৈতিক স্বার্থ ও সন্ত্রাসবাদে নিহত ব্যক্তিদের স্মরণ-এই তিনটি বিষয় গুরুত্ব পাচ্ছে।

রুবিও, ভারত, কূটনীতি


এ জাতীয় আরো খবর