বুধবার, অক্টোবর ১৪, ২০২৬

মো বা র ক হো সে ন

  • একটি মুখ
  • ২০২৬-১০-১৩ ১৪:১৪:০৯

আমার মনের মধ্যে গেঁথে থাকা একটি মুখ,
সে মুখ, সুখের অথবা দুখের- দুটোই।
হাজারো সময় হাজারো মানুষের ভিড়,
এর মাঝেও এ মুখ প্রশান্ত, আবার অশান্ত নিবিড়।
বর্ষায় নদী যেমন সব ডুবিয়ে একাকার করলেও
পানি নেমে গেলে নতুন কোরে ফুটে ওঠে
ডুবন্ত ঘাস, মরে না।
হাজার মানুষ, হাজার মুখ,
সুখ-দুঃখ হাসি-কান্নার জোয়ার ভাটায় তেমনই
ফুটে ওঠে এ মুখ, সরে না।
আমার হৃদয়ের আঙিনায়, চোখের তারায়
সে মুখ থাকে, সবসময় থাকে।
চলতে ফিরতে, উঠতে বসতে, যে দিকে চাই
তাকেই দেখি, দেখতে পাই-
বাতাসের দোলা যেমন সবদিকে- সবখানে
গাছের ডালে আর পাতায় পাতায়---
কোনো মন্ত্র, দোয়া, তাবিজ মানে না এ মুখ,
জানে না বিরাম, আমাতেই ঘুরে ফিরে থাকে, হিংসুক,
থাকে বরষায় বাদলে, ঋতুচক্রের আদলে,
না চাইলেও আসে, চাইলেও আসে,
আসতেই থাকে যেন বিলাসী সুখ।
কী বলবে একে,
এ ভালোবাসা, কেবলই যায় এঁকেবেঁকে ?
সমান্তরাল রাস্তা ধরে অযুত নিযুত বছর,
মনের গভীরে জেগে রয়- বড়ো বিস্ময় নচ্ছর,
চির নতুন হয়ে ফিরে ফিরে আসে, বারবার আসে,
অনুক্ষণ চোখে ভাসে।
আমার ভালোলাগা সৌরভে গড়া এই প্রাপ্তি,
দোষ দিই কারে এ যে আমার একাকিত্বের অনুভব
স্বর্গীয়-তৃপ্তি।


এ জাতীয় আরো খবর