ডুমুরিয়া মহাবিদ্যালয়ে নিসচা’র শিক্ষার্থী সমাবেশ, সড়ক দুর্ঘটনা রোধে সচেতনতার আহ্বান
- খান মহিদুল ইসলাম,
-
২০২৬-১০-১৩ ১৯:৫১:৪৩
- Print
ডুমুরিয়া প্রতিনিধি:
আগামী ২২ অক্টোবর জাতীয় নিরাপদ সড়ক দিবস ২০২৬ উদযাপন উপলক্ষে ‘নিরাপদ সড়ক সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ’ প্রতিপাদ্যকে সামনে রেখে খুলনার ডুমুরিয়ায় সড়ক দুর্ঘটনা রোধে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে শিক্ষার্থী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৩ অক্টোবর) বেলা ১১টায় জাতীয় সামাজিক সংগঠন নিরাপদ সড়ক চাই (নিসচা) ডুমুরিয়া উপজেলা শাখার আয়োজনে ডুমুরিয়া মহাবিদ্যালয়ে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে কলেজের শিক্ষক-শিক্ষার্থী, ডুমুরিয়া থানা প্রশাসনের প্রতিনিধি এবং নিসচা ডুমুরিয়া উপজেলা শাখার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সমাবেশে উপস্থিত বক্তারা বলেন, সড়ক দুর্ঘটনা বর্তমান সময়ে একটি ভয়াবহ সামাজিক সমস্যা। বিশেষ করে মোটরসাইকেল দুর্ঘটনা রোধে চালকদের আরও সচেতন হতে হবে। স্কুল-কলেজের শিক্ষার্থীদের মধ্যে সড়ক আইন মেনে চলার অভ্যাস গড়ে তোলা জরুরি। বেপরোয়া গতি, অসতর্কতা ও ট্রাফিক আইন অমান্য করার কারণে অনেক মূল্যবান প্রাণ ঝরে যাচ্ছে। একটি সড়ক দুর্ঘটনা শুধু একজন মানুষের জীবন কেড়ে নেয় না, বরং একটি পরিবারকে সারা জীবনের কান্নায় ভাসিয়ে দেয়।
বক্তারা আরও বলেন, সবাই সচেতনভাবে সড়কে চলাচল করলে এবং ট্রাফিক আইন মেনে চললে সড়ক দুর্ঘটনা অনেকাংশে কমিয়ে আনা সম্ভব। তাই শিক্ষার্থীদের নিজেদের নিরাপত্তার পাশাপাশি পরিবার ও সমাজের অন্যদেরও সড়ক নিরাপত্তা সম্পর্কে সচেতন করতে হবে।
তারা বলেন, নিরাপদ সড়ক চাই (নিসচা) আন্দোলনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন তাঁর প্রিয়তমা স্ত্রী জাহানারা কাঞ্চনকে সড়ক দুর্ঘটনায় হারানোর পর নিরাপদ সড়কের দাবিতে আন্দোলন শুরু করেন। দীর্ঘ ৩৩ বছরের এই আন্দোলন আজ সারা দেশের মানুষের মধ্যে সড়ক নিরাপত্তা সম্পর্কে সচেতনতা সৃষ্টিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। নিরাপদ সড়ক নিশ্চিত করা এখন সময়ের দাবি।
সমাবেশে নিসচা ডুমুরিয়া উপজেলা শাখার সভাপতি খান মহিদুল ইসলাম, কোষাধ্যক্ষ শাহারুজ্জামান সবুজ, প্রচার সম্পাদক খান আরিফুজ্জামান নয়ন, আইন সম্পাদক আব্দুল্লাহ খান, দপ্তর সম্পাদক আব্দুর রহমান বেপারী, সমাজকল্যাণ সম্পাদক হুসাইন খান, সাংস্কৃতিক সম্পাদক এম এ জলিলসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সমাবেশ থেকে সড়ক দুর্ঘটনা রোধে শিক্ষার্থীসহ সর্বস্তরের মানুষকে সচেতন হওয়ার আহ্বান জানানো হয়। বক্তারা বলেন, “আমরা সড়কে মৃত্যু নয়, শান্তি চাই।” নিরাপদ সড়ক গড়তে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালনেরও আহ্বান জানান তাঁরা।