বুধবার, অক্টোবর ১৪, ২০২৬

আত্রাইয়ে বজ্রপাতের ঝুঁকি কমাতে ২ হাজার ৫০০ তালবীজ রোপণ

  • মোঃ রিমন আহমেদ
  • ২০২৬-১০-১৩ ২১:৩৫:৪৬
নওগাঁ পরিবেশের ভারসাম্য রক্ষা ও বজ্রপাতের ঝুঁকি মোকাবিলায় নওগাঁর আত্রাই উপজেলায় আড়াই কিলোমিটার সড়কের দুই পাশে ২ হাজার ৫০০ তালবীজ রোপণ করেছে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী (আনসার-ভিডিপি)। মঙ্গলবার (১৩ অক্টোবর) সকালে উপজেলার ৫ নম্বর বিশা ইউনিয়নের বৈঠাখালী-থলওলমা সেতু থেকে নওগাঁ-নাটোর আঞ্চলিক মহাসড়কের কাছাকাছি পর্যন্ত সড়কের দুই পাশে এসব তালবীজ রোপণ করা হয়। ‘বৃক্ষ রোপণে সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ’ প্রতিপাদ্যকে সামনে রেখে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালকের নির্দেশনায় দেশব্যাপী বৃক্ষরোপণ অভিযান-২০২৬-এর অংশ হিসেবে এ কর্মসূচি পালন করা হয়। নওগাঁ জেলা আনসার ও ভিডিপির জেলা কমান্ড্যান্টের ব্যক্তিগত অর্থায়নে এবং স্থানীয় আনসার-ভিডিপি সদস্যদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে এ উদ্যোগ বাস্তবায়িত হয়। তালবীজ সংগ্রহে সহযোগিতা করেন নওগাঁ পরিবেশ উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক ও পরিবেশকর্মী মাহমুদুন নবী বেলাল। কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ জেলা আনসার ও ভিডিপির জেলা কমান্ড্যান্ট মো. হুমায়ুন কবীর, পিভিএম। তিনি বলেন, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা, বজ্রপাতের ঝুঁকি কমানো এবং পরিবেশের ভারসাম্য রক্ষায় এ উদ্যোগ নেওয়া হয়েছে। রোপণ করা তালবীজগুলো নিয়মিত তদারকি ও পরিচর্যার জন্য আনসার-ভিডিপি সদস্যদের দায়িত্ব দেওয়া হবে। এ সময় বীজ সংগ্রহে সহযোগিতার জন্য নওগাঁ পরিবেশ উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক মাহমুদুন নবী বেলালের প্রতি কৃতজ্ঞতা জানান তিনি। পাশাপাশি ভবিষ্যতেও আত্রাই উপজেলার বিশা ইউনিয়নে পরিবেশ সংরক্ষণে এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখার আশ্বাস দেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ৫ নম্বর বিশা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ তোফাজ্জল হোসেন। তিনি বলেন, সড়কের পাশে বিপুলসংখ্যক তালবীজ রোপণের উদ্যোগটি প্রশংসনীয়। গাছগুলো বেড়ে উঠলে পরিবেশের উন্নয়নের পাশাপাশি বজ্রপাতের ঝুঁকি কমাতেও ভূমিকা রাখতে পারে। এ ধরনের উদ্যোগ অব্যাহত রাখার আহ্বান জানান তিনি। এ সময় আত্রাই উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা মোছা. খুশি খাতুন উপস্থিত ছিলেন। তিনি রোপণ করা তালবীজের যথাযথ পরিচর্যা ও সংরক্ষণ নিশ্চিত করতে স্থানীয় আনসার-ভিডিপি সদস্যদের মাধ্যমে নিয়মিত তদারকির আশ্বাস দেন। কর্মসূচিতে উপজেলার বিভিন্ন পর্যায়ের আনসার-ভিডিপি সদস্য-সদস্যা এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা অংশ নেন। স্থানীয়দের মতে, তালবীজ রোপণের এ উদ্যোগ পরিবেশ সংরক্ষণে ইতিবাচক ভূমিকা রাখবে। তবে রোপণ করা বীজগুলোর যথাযথ পরিচর্যা ও সংরক্ষণ নিশ্চিত করা গেলে দীর্ঘমেয়াদে এ উদ্যোগের সুফল পাওয়া সম্ভব হবে।

এ জাতীয় আরো খবর