বুধবার, অক্টোবর ১৪, ২০২৬

শতবর্ষপূর্তি উদ্‌যাপন : লন্ডনে পাইলগাঁও বিএন হাইস্কুলের বর্ণাঢ্য মিলনমেলা

  • সাঈদ চৌধুরী
  • ২০২৬-১০-১৩ ২০:১০:১৯
স্মৃতির পাতায় সোনালি দিন, হৃদয়ে শিকড়ের টান আর প্রিয় মুখগুলোর পুনর্মিলনে আবেগ-উচ্ছ্বাসে মুখর হয়ে উঠল জগন্নাথপুরের পাইলগাঁও বিএন হাইস্কুলের শতবর্ষপূর্তি অনুষ্ঠান। বন্ধুত্ব আর ভালোবাসার বন্ধনে যুক্তরাজ্যের নানা প্রান্ত থেকে এক ছাদের নিচে মিলিত হলেন বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষক ও শিক্ষার্থীরা। সোমবার (১২ অক্টোবর ২০২৬) বিকেলে পূর্ব লন্ডনের পাম ট্রি মিলনায়তনে আয়োজিত এ বর্ণাঢ্য মিলনমেলা পরিণত হয় স্মৃতিচারণা, আনন্দ আর শিকড়ের কাছে ফিরে যাওয়ার এক আবেগঘন উৎসবে। শতবর্ষ উদ্‌যাপন কমিটির চেয়ারম্যান, লন্ডন বাংলা প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি ও বিবিসিসিআই প্রেসিডেন্ট মহিব চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে সঞ্চালনা করেন উদ্‌যাপন কমিটির সাধারণ সম্পাদক আজিজুর রহমান দারা এবং সানরাইজ-স্পেকট্রাম বাংলা রেডিও-টিভির উপস্থাপক মিছবাহ জামাল। অনুষ্ঠানের শুরুতে আয়োজক ও উদ্যোক্তাদের পরিচয় করিয়ে দেওয়া হয়। এরপর পাইলগাঁও এলাকার বিভিন্ন গ্রামের সেইসব মানুষকে একে একে মঞ্চে ডাকা হয়, যাঁরা একসময় পাইলগাঁও বিএন হাইস্কুলে পড়াশোনা করেছেন। যুক্তরাজ্যের নানা প্রান্তে ছড়িয়ে থাকা প্রাক্তন শিক্ষার্থীদের এই মিলনমেলায় সৃষ্টি হয় আনন্দঘন পরিবেশ। দীর্ঘদিন পর সহপাঠী ও পরিচিতজনদের কাছে পেয়ে অনেকেই যেন ফিরে যান জীবনের সোনালি দিনগুলোতে। অনুষ্ঠানে শিল্পী আলাউর রহমান, সাংবাদিক আকবর হোসেন, কাউন্সিলর ফয়জুর রহমান, কাউন্সিলর রহিমা রহমান-সহ পরিচিত মুখগুলোর সরব উপস্থিতি সবার দৃষ্টি আকর্ষণ করে। পাশাপাশি যুক্তরাজ্যের বাংলাদেশি কমিউনিটির বহু সফল ব্যবসায়ী ও পেশাজীবীও অনুষ্ঠানে অংশ নেন। তাঁদের অনেকেরই শৈশব-কৈশোরের স্মৃতি জড়িয়ে রয়েছে বিদ্যালয়ের শ্রেণিকক্ষ, খেলার মাঠ ও প্রিয় শিক্ষকদের সঙ্গে। শতবর্ষপূর্তির এই মিলনমেলায় পাইলগাঁও বিএন হাইস্কুলকে কলেজে উন্নীত করার প্রত্যয় ব্যক্ত করা হয়। বিদ্যালয়ের দীর্ঘদিনের ঐতিহ্য ও শিক্ষার অগ্রযাত্রাকে আরও এগিয়ে নেওয়ার আকাঙ্ক্ষাও বিশেষ গুরুত্ব পায়। অনুষ্ঠানে শত বছরের গৌরবময় ইতিহাস তুলে ধরে বিদ্যালয়ের প্রবীণ শিক্ষকদের প্রতি গভীর শ্রদ্ধা ও ভালোবাসা জানানো হয়। বিশেষ করে একজন কুতুব উদ্দিন মাস্টার উপস্থিত অসংখ্য প্রাক্তন শিক্ষার্থীর কাছে হয়ে ওঠেন এক বটবৃক্ষের প্রতীক- যাঁর ছায়ায় তাঁরা পেয়েছেন শিক্ষা, অনুপ্রেরণা ও জীবনের পথচলার দিকনির্দেশনা। শতবর্ষপূর্তির এ আয়োজন শুধু একটি বিদ্যালয়ের প্রতিষ্ঠার শত বছর উদ্‌যাপন নয়; বরং প্রজন্মের পর প্রজন্মের শিক্ষার্থী, শিক্ষক ও এলাকাবাসীর স্মৃতি, শিকড় এবং আত্মিক বন্ধনকে নতুন করে জাগিয়ে তোলার এক আবেগঘন উপলক্ষ হয়ে ওঠে।

এ জাতীয় আরো খবর