এসেছিলে যেদিন অন্ধকারের চোরা গলি ধরে,
পৃথিবীর আলো দেখিয়েছে পথ একটু একটু করে।
কত হাসি, কত গান সুখে-দুখে কেটে গেছে সময়,
সেই পথে শেষে ফিরে যেতে কেন করো এত অভিনয় !
কথা দিয়ে কথা রাখোনি করেছ শুধুই আমার আমার,
ফিরে যাবে শূন্য হাতে পড়ে রবে সম্পদের পাহাড়।
সঙ্গে যাবে কৃতকর্ম তার কাছে দিতে হবে জবাব,
কেউ রবেনা তখন পাশে, পাবেনা কারো সদ্ভাব।
লোভ-লালসার, মমতার ঠুলিতে ঢাকা সবার চোখ,
আত্মা ছেড়ে গেলে অসার দেহ, শুধু দুদিনের শোক।
জন্ম-মৃত্যু সত্য,সত্য মহাকাল --- আর সবই মিছে
বৃথা ঘুরি আমরা সবাই মরীচিকার পিছে পিছে।