মহেশখালী(কক্সবাজার)
“শিশু বিয়ে আর নয়, কন্যা করবে বিশ্ব জয়” এই প্রতিপাদ্যকে সামনে রেখে মহেশখালীতে জাতীয় কন্যাশিশু দিবস-২০২৬ উদযাপন করা হয়েছে।দিবসটি উপলক্ষে আয়োজিত র্যালি ও আলোচনা সভায় বাল্যবিবাহ প্রতিরোধ, নারীশিক্ষার প্রসার এবং কন্যা শিশুর অধিকার ও নিরাপত্তা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করা হয়।
সোমবার (১২ অক্টোবর) উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তর, মহেশখালীর আয়োজনে উপজেলা পরিষদের পুরাতন হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এর আগে একটি র্যালি বের করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)ইমরান মাহমুদ ডালিম। উপস্থিত ছিলেন উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সৈকত বড়ুয়া, সমাজসেবা কর্মকর্তা দিদারুল আলম, মহেশখালী উপজেলা প্রেসক্লাবের সভাপতি ফারুক ইকবাল, উপজেলা বিএনপির সাবেক দপ্তর সম্পাদক কাইছার মনির এবং মহিলা বিষয়ক কার্যালয়ের সদস্য বিউটি সোলতানা। বক্তারা বলেন, বাল্যবিবাহ কন্যা শিশুর শিক্ষা, স্বাস্থ্য ও স্বাভাবিক বিকাশের অন্যতম বাধা। এ সমস্যা প্রতিরোধে অভিভাবক, শিক্ষক, জনপ্রতিনিধি ও প্রশাসনকে সমন্বিতভাবে কাজ করতে হবে। পাশাপাশি কন্যাশিশুর প্রতি বৈষম্য দূর করে শিক্ষা, নিরাপত্তা ও সমান অধিকার নিশ্চিত করা জরুরি। সভায় কন্যাশিশুর সম্ভাবনা বিকাশ, নারী শিক্ষার প্রসার এবং বাল্যবিবাহমুক্ত সমাজ গঠনে সামাজিক সচেতনতা বৃদ্ধির আহ্বান জানানো হয়। বক্তারা বলেন, কন্যাশিশুর অধিকার ও মর্যাদা নিশ্চিত করা গেলে তারাই ভবিষ্যতে পরিবার, সমাজ ও দেশের উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখবে।