শুক্রবার, অক্টোবর ৯, ২০২৬

নিউমুরিং টার্মিনাল বিদেশি প্রতিষ্ঠানের হাতে দেওয়ার প্রতিবাদে হামলা গণতন্ত্রের জন্য অশনিসংকেত -বিজিপি

  • লেখক অমূল্য কুমার বৈদ্য
  • ২০২৬-১০-০৮ ১৯:৪৭:৪৬

চট্টগ্রাম বন্দরের নিউমুরিং টার্মিনাল ডিপি ওয়ার্ল্ডের কাছে হস্তান্তরের প্রতিবাদে কর্মসূচি পালনকালে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি), বাসদসহ বামপন্থী রাজনৈতিক দলের নেতাকর্মীদের ওপর হামলার ঘটনায় বাংলাদেশ গণমুক্তি পার্টির সভাপতি এম এ আলীম সরকার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন।
এক বিবৃতিতে তিনি বলেন, বন্দরের মতো জাতীয় গুরুত্বপূর্ণ ও কৌশলগত সম্পদ বিদেশি প্রতিষ্ঠানের হাতে তুলে দেওয়ার সিদ্ধান্তের বিরুদ্ধে জনগণের প্রতিবাদ করার অধিকার সাংবিধানিক ও গণতান্ত্রিক অধিকার। সেই প্রতিবাদ দমন করতে হামলা, বাধা ও ভয়ভীতি প্রদর্শন কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। অবিলম্বে দেশের স্বার্থবিরোধী চুক্তি বাতিল করতে হবে। 
তিনি বলেন, জনগণের সম্পদ ও জাতীয় স্বার্থ নিয়ে সরকারের যেকোনো সিদ্ধান্তের বিরুদ্ধে রাজনৈতিক দল ও নাগরিকদের প্রশ্ন তোলা এবং শান্তিপূর্ণভাবে প্রতিবাদ করার অধিকার রয়েছে। হামলা চালিয়ে সেই অধিকার কেড়ে নেওয়ার চেষ্টা গণতন্ত্র, মতপ্রকাশের স্বাধীনতা এবং রাজনৈতিক সহনশীলতার ওপর সরাসরি আঘাত।
এম এ আলীম সরকার অবিলম্বে হামলার সঙ্গে জড়িতদের চিহ্নিত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ, আহত নেতাকর্মীদের চিকিৎসা নিশ্চিত এবং ভবিষ্যতে শান্তিপূর্ণ রাজনৈতিক কর্মসূচিতে হামলা বন্ধের দাবি জানান।
তিনি বলেন, জাতীয় সম্পদ রক্ষার আন্দোলনকে দমন নয়, যুক্তি ও গণতান্ত্রিক আলোচনার মাধ্যমে মোকাবিলা করতে হবে। জনগণের কণ্ঠরোধ করে জাতীয় স্বার্থ রক্ষা করা যায় না।

 


এ জাতীয় আরো খবর