দেশে ডেঙ্গুর প্রকোপ অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও পাঁচজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ১ হাজার ৯৩৫ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৯৪ জনে।
বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তরের প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এলাকায় ডেঙ্গুতে তিনজনের মৃত্যু হয়েছে। খুলনা বিভাগে মারা গেছেন আরও দুজন।
এ সময়ে সবচেয়ে বেশি রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন ঢাকা বিভাগে-৩৮২ জন। এছাড়া খুলনা বিভাগে ২৯২, চট্টগ্রামে ২৮০, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ২৩৩, রাজশাহীতে ২০৬, বরিশালে ১৯৫, ঢাকা উত্তর সিটি করপোরেশনে ১৭৫, ময়মনসিংহে ৯৩, রংপুরে ৬৪ এবং সিলেটে ১৫ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।
স্বাস্থ্য অধিদপ্তরের হিসাব অনুযায়ী, ১ জানুয়ারি থেকে ৮ অক্টোবর পর্যন্ত দেশে ডেঙ্গুতে ২৯৪ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ঢাকা বিভাগের দুই সিটি করপোরেশনসহ ১৩২ জনের মৃত্যু হয়েছে। খুলনা বিভাগে ৫৯, বরিশালে ২৫, চট্টগ্রামে ২৫, ময়মনসিংহে ২৩, রাজশাহীতে ২১, রংপুরে ছয় এবং সিলেটে তিনজনের মৃত্যু হয়েছে।
মাসভিত্তিক হিসাবেও ডেঙ্গুর প্রকোপ বাড়ার চিত্র পাওয়া যাচ্ছে। আগস্টে সারা দেশে ডেঙ্গুতে ৪৩ জনের মৃত্যু হয়। সেপ্টেম্বরে প্রাণহানি বেড়ে দাঁড়ায় ১৪৮ জনে। আর অক্টোবরের প্রথম আট দিনেই ডেঙ্গুতে মারা গেছেন ৪৯ জন।
ডেঙ্গু, মৃত্যু, হাসপাতালে ভর্তি