সাতক্ষীরায় নবগঠিত জেলা যুবদল ও জেলা ছাত্রদলের নেতৃবৃন্দকে সংবর্ধনা দেওয়া হয়েছে। রোববার (৫ অক্টোবর) বিকেলে সদর উপজেলার আলিপুরে মেসার্স সোনালী ফিলিং স্টেশন-সংলগ্ন এলাকায় এ অনুষ্ঠানের আয়োজন করে ৭ নম্বর আলিপুর ইউনিয়ন বিএনপি ও এর সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আলিপুর ইউনিয়ন যুবদলের আহ্বায়ক মো. নুরুজ্জামান পল্টু। প্রধান অতিথি ছিলেন সাতক্ষীরা-২ (সদর–দেবহাটা) আসনে বিএনপির মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী ও সাবেক জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আলহাজ্ব আব্দুর রউফ। সম্মানিত অতিথি ছিলেন জেলা বিএনপির সদস্যসচিব আবু জাহিদ ডাবলু।
প্রধান অতিথির বক্তব্যে আব্দুর রউফ বলেন, সাতক্ষীরার চারটি সংসদীয় আসনে বর্তমানে জামায়াতের প্রতিনিধিত্ব থাকলেও জনগণের প্রত্যাশা অনুযায়ী তারা কাজ করতে পারেননি। তিনি জামায়াতের চার এমপির বিরুদ্ধে বিভিন্ন ক্ষেত্রে ব্যর্থতার অভিযোগ তুলে ধরে বলেন, জনগণের মৌলিক সমস্যা সমাধান ও এলাকার উন্নয়নে কার্যকর ভূমিকা রাখতে তারা ব্যর্থ হয়েছেন। আগামী দিনে জনগণকে সঙ্গে নিয়ে বিএনপির নেতৃত্বে সাতক্ষীরার উন্নয়ন ও মানুষের অধিকার প্রতিষ্ঠায় কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলিপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মো. বেজাউল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মোস্তাফিজুর রহমান চান্দু এবং সোনালী গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক আব্দুল্লাহ আল সিয়াম।
অনুষ্ঠানে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয় নবগঠিত জেলা যুবদলের সভাপতি হাফিজুর রহমান মুকুল, জ্যেষ্ঠ সহসভাপতি শেখ মনিরুজ্জামান প্রিন্স, সাধারণ সম্পাদক শফিকুল আলম বাবু, যুগ্ম সাধারণ সম্পাদক মমতাজুল ইসলাম চন্দন ও সাংগঠনিক সম্পাদক মাসুম রানা সবুজকে।
এ ছাড়া জেলা ছাত্রদলের সভাপতি এস কে এম আবু রায়হান, জ্যেষ্ঠ সহসভাপতি মনজুরুল কবির বাপ্পি, সাধারণ সম্পাদক জে এম দুদায়েভ মাসুদ খান অর্ঘ্য, যুগ্ম সাধারণ সম্পাদক আইয়ুব আলী ও সাংগঠনিক সম্পাদক শাহীন ইসলামসহ সংগঠন দুটির নেতাদের ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়।
অনুষ্ঠান সঞ্চালনা করেন আলিপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মুহাম্মদ হাদিউজ্জামান বাদশাহ।l