ইউক্রেনের রাজধানী কিয়েভে রাশিয়ার ব্যাপক ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলায় ন্যাশনাল একাডেমি অব সায়েন্সেসের ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। রাজধানী ছাড়াও দেশটির বিভিন্ন এলাকায় হামলা চালানো হয়েছে। এতে কয়েকজন নিহত এবং বহু মানুষ আহত হয়েছেন বলে জানা গেছে।
বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে বলা হয়, মঙ্গলবার বিমান হামলার সতর্কসংকেত জারির পর কিয়েভে নতুন করে রুশ ড্রোন হামলা শুরু হয়। শহরের দিকে ড্রোন এগিয়ে আসার সতর্কবার্তার মধ্যেই একাডেমি ভবনে একটি ড্রোন আঘাত হানে।
অনলাইনে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, দ্রুতগতির একটি ড্রোন ভবনটিতে আঘাত করার পর বিস্ফোরণ ঘটে। এরপর ভবনটির ওপরের আকাশে ঘন কালো ধোঁয়া ছড়িয়ে পড়ে।
ইউক্রেনের সাবেক জাতীয় নিরাপত্তা ও প্রতিরক্ষা কাউন্সিলের সচিব ভলোদিমির গোরবুলিন জানান, হামলার সময় তিনি একাডেমি ভবনে কর্মরত ছিলেন এবং সামান্য আহত হয়েছেন। তবে তাঁর সহকারী, যিনি ভবনের কাছাকাছি ছিলেন, হামলায় নিহত হয়েছেন বলে তিনি জানান।
এর আগে সোমবার রাতেও কিয়েভে একাধিক বিস্ফোরণের শব্দ শোনা যায়। ইউক্রেনের বিমানবাহিনী তখন জানায়, ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র রাজধানীর দিকে এগিয়ে আসছে।
ন্যাশনাল একাডেমি অব সায়েন্সেস ভবনটি জার্মান দূতাবাস, একটি ক্যাথেড্রাল, জাতীয় অপেরা ভবন ও সরকারি স্থাপনার কাছাকাছি এলাকায় অবস্থিত। ইউক্রেনীয় কর্তৃপক্ষের দাবি, এর আগেও কিয়েভের সাংস্কৃতিক স্থাপনা, সরকারি ভবন ও বিদ্যালয় রুশ হামলার শিকার হয়েছে।
একাডেমির এক বিবৃতিতে হামলার নিন্দা জানিয়ে বলা হয়, কর্মস্থলে থাকা শান্তিপূর্ণ মানুষদের পাশাপাশি ইউক্রেনের বিজ্ঞান, শিক্ষা ও সংস্কৃতিও হামলার লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছে।
ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি জানান, কিয়েভের আরেকটি হামলায় একটি চিকিৎসাকেন্দ্র ক্ষতিগ্রস্ত হয়েছে।
এদিকে মধ্যাঞ্চলীয় দিনিপ্রো শহরে একটি ব্যবসায়িক কেন্দ্রে হামলায় চারজন নিহত এবং অন্তত ১৯ জন আহত হয়েছেন। পূর্বাঞ্চলীয় খারকিভের একটি আবাসিক এলাকাতেও হামলা হয়েছে বলে জানানো হয়েছে।
প্রধানমন্ত্রী সের্গেই কোরেৎস্কি জানান, কিয়েভের পশ্চিমে ঝিতোমির অঞ্চলে একটি আইসক্রিম কারখানা এবং সুমি, রিভনে ও ওডেসায় আবাসিক ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। দক্ষিণ-পূর্বাঞ্চলীয় জাপোরিঝঝিয়ায় হামলায় ৩০ জন বেসামরিক নাগরিক আহত হয়েছেন। তাঁদের মধ্যে তিনজনের অবস্থা গুরুতর বলে আঞ্চলিক সামরিক প্রশাসন জানিয়েছে।
এর আগে সোমবার পোল্যান্ড সীমান্তের কাছে ইউক্রেনের একটি গ্রামেও রাশিয়ার একটি জেটচালিত ড্রোন হামলা চালায়। এতে একটি সীমান্ত তল্লাশি চৌকি ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছেন দেশটির এক আঞ্চলিক কর্মকর্তা।
কিয়েভ, রুশ হামলা, ইউক্রেন