মঙ্গলবার, সেপ্টেম্বর ২৯, ২০২৬

সব সম্প্রদায়ের সমঅধিকার নিশ্চিত করে সম্প্রীতির বাংলাদেশ গড়ার আহ্বান রাষ্ট্রপতির

  • নিজস্ব প্রতিবেদক
  • ২০২৬-০৯-২৮ ২১:২৮:১০
ছবি: সংগৃহীত।

হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, নৃ-গোষ্ঠীসহ সব সম্প্রদায়ের মানুষের অধিকার, মর্যাদা ও সমান সুযোগ নিশ্চিত করতে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, দেশের উন্নয়ন ও অগ্রযাত্রায় কোনো সম্প্রদায়কে বাদ রেখে এগিয়ে যাওয়া সম্ভব নয়।
সোমবার দুপুরে বঙ্গভবনে বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের একটি প্রতিনিধিদল সৌজন্য সাক্ষাৎ করতে গেলে রাষ্ট্রপতি এসব কথা বলেন। রাষ্ট্রপতির প্রেস সচিব মো. সরওয়ার আলম এ তথ্য জানিয়েছেন।
রাষ্ট্রপতি বলেন, বাংলাদেশে বিভিন্ন ধর্ম ও সম্প্রদায়ের মানুষ একসঙ্গে বসবাস করে এবং সবার সমান অধিকার রয়েছে। সমঅধিকার, মর্যাদা ও সুযোগ নিশ্চিতের মাধ্যমে একটি সম্প্রীতিপূর্ণ বাংলাদেশ গড়ে তুলতে হবে।
তিনি বলেন, বিগত সরকারের সৃষ্টি করা সংকট কাটিয়ে দেশকে সঠিক পথে এগিয়ে নিতে সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। নৃ-গোষ্ঠী, হিন্দু, বৌদ্ধ ও খ্রিস্টান সম্প্রদায়ের মানুষের বিভিন্ন সমস্যা, দুঃখ-কষ্ট ও প্রত্যাশার বিষয়েও তিনি অবগত রয়েছেন বলে জানান।
সাক্ষাৎকালে ১৩তম জাতীয় সংসদ নির্বাচন সফল করতে হিন্দু, বৌদ্ধ ও খ্রিস্টান সম্প্রদায়ের অংশগ্রহণ ও সহযোগিতার কথা কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করেন রাষ্ট্রপতি। সংরক্ষিত নারী আসনে এসব সম্প্রদায়ের প্রার্থীদের আরও বেশি মনোনয়নের প্রসঙ্গ তুলে ধরে তিনি বলেন, দেশের উন্নয়নে সব সম্প্রদায়ের সমান অংশগ্রহণ নিশ্চিত করতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ।
হিন্দু, বৌদ্ধ ও খ্রিস্টান সম্প্রদায়ের প্রতিনিধিদের সমন্বয়ে একটি জাতীয় কমিটি গঠনের আহ্বানও জানান রাষ্ট্রপতি। তাঁর মতে, সরকারের সঙ্গে সমন্বয় করে বিভিন্ন সমস্যা ও দাবি যথাযথভাবে তুলে ধরতে এ ধরনের কমিটি কার্যকর ভূমিকা রাখতে পারে।
রাষ্ট্রপতি আরও বলেন, দেশের উন্নয়নে সবার প্রতিনিধিত্ব ও অংশগ্রহণ নিশ্চিত করা প্রয়োজন। কোনো একটি পক্ষ একা এগিয়ে যেতে পারে না।
সাক্ষাৎকালে প্রতিনিধিদল আসন্ন দুর্গাপূজায় ঢাকেশ্বরী জাতীয় মন্দির ও রমনা কালী মন্দিরের পূজামণ্ডপ পরিদর্শনের জন্য রাষ্ট্রপতিকে আমন্ত্রণ জানায়। তিনি আমন্ত্রণ গ্রহণ করে সেখানে উপস্থিত থাকার আশ্বাস দেন।
প্রতিনিধিদল তাদের বিভিন্ন দাবি-দাওয়া রাষ্ট্রপতির কাছে তুলে ধরলে তিনি সেগুলো গুরুত্বের সঙ্গে বিবেচনার আশ্বাস দেন এবং সম্মিলিতভাবে কাজ করার ওপর জোর দেন।
সাক্ষাতে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী সাচিং প্রু জেরী, প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ও হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান কল্যাণ ফাউন্ডেশনের চেয়ারম্যান বিজন কান্তি সরকার, হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের উপদেষ্টা তপন চন্দ্র মজুমদার, ধর্ম বিষয়ক সহ-সম্পাদক ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য অ্যাডভোকেট জন গমেজ, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের উপদেষ্টা সুশীল চন্দ্র বড়ুয়াসহ বিভিন্ন সম্প্রদায়ের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। রাষ্ট্রপতির সামরিক সচিব, সচিব ও প্রেস সচিবও এ সময় উপস্থিত ছিলেন।

সমঅধিকার, সম্প্রীতি, রাষ্ট্রপতি


এ জাতীয় আরো খবর