মঙ্গলবার, সেপ্টেম্বর ২৯, ২০২৬

প্রতি কর মেয়াদেই ১৫ দিনের মধ্যে দাখিলপত্র, ভ্যাট অধ্যাদেশে পরিবর্তন

  • নিজস্ব প্রতিবেদক
  • ২০২৬-০৯-২৮ ২১:১৮:২৬
ছবি: সংগৃহীত।

মাঠ পর্যায়ে রাজস্ব আদায় কার্যক্রমে গতি আনতে মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক সংশোধন অধ্যাদেশ, ২০২৬-এর খসড়ায় নীতিগত ও চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।
সোমবার সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে মন্ত্রিসভার ২২তম বৈঠকে এ অনুমোদন দেওয়া হয়। মন্ত্রিপরিষদ বিভাগের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
সংশোধনের ফলে প্রতি তিন কর মেয়াদ শেষে একবার দাখিলপত্র জমা দেওয়ার পরিবর্তে এখন থেকে প্রত্যেক কর মেয়াদ শেষ হওয়ার ১৫ দিনের মধ্যে দাখিলপত্র জমা দেওয়ার বিধান পুনরায় চালু হচ্ছে।
তবে দাখিলপত্র জমা দেওয়ার ১৫তম দিনে সরকারি ছুটি থাকলে পরবর্তী কার্যদিবসে তা জমা দেওয়া যাবে।
এ ছাড়া সরকারি, আধা-সরকারি ও স্বায়ত্তশাসিত সংস্থা, ব্যাংক ও বীমা প্রতিষ্ঠান এবং শূন্য রিটার্ন দাখিলকারী ব্যক্তি বা প্রতিষ্ঠান কর মেয়াদ শেষ হওয়ার ২০ দিনের মধ্যে দাখিলপত্র জমা দেওয়ার সুযোগ পাবেন।
অভ্যন্তরীণ সম্পদ বিভাগের উদ্যোগে মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক আইন, ২০১২-এর ৬৪ ধারা সংশোধনের লক্ষ্যে অধ্যাদেশের খসড়াটি মন্ত্রিসভায় উপস্থাপন করা হয়।
সরকারের পক্ষ থেকে আশা করা হচ্ছে, সংশোধিত বিধানের মাধ্যমে মাঠ পর্যায়ে কর দাখিল ও রাজস্ব আদায় প্রক্রিয়ায় আরও নিয়মতান্ত্রিকতা ও গতিশীলতা আসবে।

ভ্যাট, রাজস্ব, কর


এ জাতীয় আরো খবর