বুধবার, সেপ্টেম্বর ৩০, ২০২৬

বাংলাদেশের বিশেষায়িত ওষুধে যুক্তরাষ্ট্রে শূন্য শুল্ক,সব ওষুধ নয়

  • আন্তর্জাতিক ডেস্ক
  • ২০২৬-০৯-২৯ ১০:৫৩:৩০
ছবি: সংগৃহীত।

বাংলাদেশ থেকে যুক্তরাষ্ট্রে রপ্তানি হওয়া নির্দিষ্ট বিশেষায়িত ওষুধ ও ওষুধ তৈরির সংশ্লিষ্ট উপাদানে শূন্য শতাংশ শুল্ক সুবিধা দিয়েছে যুক্তরাষ্ট্র। বিরল ও জটিল রোগের চিকিৎসায় ব্যবহৃত বিভিন্ন বিশেষায়িত ওষুধসহ নির্দিষ্ট কয়েকটি শ্রেণির পণ্যে এ সুবিধা প্রযোজ্য হবে। বাংলাদেশসহ মোট ২০টি দেশ ও অঞ্চলের পণ্যকে এ সুবিধার আওতায় রাখা হয়েছে।
মঙ্গলবার ২৯ সেপ্টেম্বর থেকে এ শুল্কব্যবস্থা কার্যকর হয়েছে। মার্কিন বাণিজ্য বিভাগের বিজ্ঞপ্তি অনুযায়ী, নির্দিষ্ট যোগ্য পণ্য শূন্য শতাংশ শুল্কে যুক্তরাষ্ট্রের বাজারে প্রবেশের সুযোগ পাবে। এ সুবিধার পেছনে সংশ্লিষ্ট দেশগুলোর সঙ্গে যুক্তরাষ্ট্রের বর্তমান বা সম্ভাব্য বাণিজ্য ও নিরাপত্তা কাঠামোর বিষয়টি বিবেচনা করা হয়েছে।
শূন্য শুল্কের আওতায় থাকা পণ্যের মধ্যে রয়েছে বিরল রোগের চিকিৎসায় ব্যবহৃত ওষুধ, পারমাণবিক চিকিৎসায় ব্যবহৃত ওষুধ, রক্তরস থেকে তৈরি চিকিৎসা পণ্য, বন্ধ্যত্বের চিকিৎসার ওষুধ, কোষভিত্তিক ও জিনভিত্তিক চিকিৎসা এবং অ্যান্টিবডি-ড্রাগ সংযোজিত ওষুধ। প্রাণীর চিকিৎসায় ব্যবহৃত নির্দিষ্ট ওষুধও এ সুবিধার আওতায় রয়েছে। এসব পণ্য তৈরিতে ব্যবহৃত সংশ্লিষ্ট উপাদানও শূন্য শুল্ক সুবিধা পেতে পারে।
এ তালিকায় বাংলাদেশ ছাড়াও রয়েছে আর্জেন্টিনা, কম্বোডিয়া, ইকুয়েডর, এল সালভাদর, ইউরোপীয় ইউনিয়ন, গুয়াতেমালা, ইন্দোনেশিয়া, জাপান, জর্ডান, মালয়েশিয়া, উত্তর মেসিডোনিয়া, দক্ষিণ কোরিয়া, সুইজারল্যান্ড, লিশটেনস্টাইন, তাইওয়ান, থাইল্যান্ড, যুক্তরাজ্য ও ভিয়েতনাম।
তবে এ সিদ্ধান্তের অর্থ এই নয় যে বাংলাদেশ থেকে রপ্তানি হওয়া সব ওষুধই শূন্য শুল্কের আওতায় এসেছে। মার্কিন বাণিজ্য বিভাগের বিজ্ঞপ্তিতে নির্দিষ্ট বিশেষায়িত ওষুধ ও সংশ্লিষ্ট উপাদানের শ্রেণি উল্লেখ করা হয়েছে। একই সঙ্গে জেনেরিক ওষুধ ও সংশ্লিষ্ট উপাদানকে বর্তমান ২৩২ ধারার অতিরিক্ত ওষুধ শুল্কের আওতার বাইরে রাখা হয়েছে।
এর আগে ২ এপ্রিল মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নির্দিষ্ট পেটেন্টযুক্ত ওষুধ ও সংশ্লিষ্ট উপাদানের ওপর ১০০ শতাংশ শুল্ক আরোপের ঘোষণা দেন। ঘোষণাটি বাণিজ্য সম্প্রসারণ আইনের ২৩২ ধারার আওতায় করা হয়। নির্দিষ্ট প্রতিষ্ঠানের ক্ষেত্রে এ শুল্ক ৩১ জুলাই থেকে কার্যকর হলেও অন্যান্য প্রতিষ্ঠানের জন্য কার্যকর হওয়ার তারিখ নির্ধারণ করা হয় ২৯ সেপ্টেম্বর।
নতুন সিদ্ধান্তে তাই নির্দিষ্ট বিশেষায়িত ওষুধের ক্ষেত্রে বাংলাদেশসহ তালিকাভুক্ত দেশগুলোর রপ্তানিকারকেরা ১০০ শতাংশ শুল্কের পরিবর্তে শূন্য শতাংশ শুল্কের সুবিধা পাওয়ার সুযোগ পাচ্ছেন। তবে কোন পণ্য এ সুবিধা পাবে, তা মার্কিন বাণিজ্য বিভাগের নির্ধারিত পণ্যের শ্রেণি ও সংশ্লিষ্ট শর্তের ওপর নির্ভর করবে।

ওষুধ রপ্তানি, শূন্য শুল্ক, যুক্তরাষ্ট্র


এ জাতীয় আরো খবর