বুধবার, সেপ্টেম্বর ৩০, ২০২৬

মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি

  • আন্তর্জাতিক ডেস্ক
  • ২০২৬-০৯-৩০ ১০:০১:১১
ছবি: সংগৃহীত।

মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ পেয়েছেন মারাকেশের মেয়র ফাতিমা এজাহরা আল মানসুরি। গত ২৩ সেপ্টেম্বর অনুষ্ঠিত সংসদ নির্বাচনে তাঁর দল অথেনটিসিটি অ্যান্ড মডার্নিটি পার্টি সবচেয়ে বেশি আসন পাওয়ার পর মঙ্গলবার তাঁকে সরকার গঠনের দায়িত্ব দেন দেশটির রাজা ষষ্ঠ মোহাম্মদ।
রাজপ্রাসাদের বিবৃতিতে বলা হয়েছে, ৫০ বছর বয়সী আল মানসুরিকে নতুন সরকার গঠনের দায়িত্ব দিয়েছেন রাজা। এর আগে তিনি জাতীয় ভূখণ্ড পরিকল্পনা, নগর উন্নয়ন, আবাসন ও নগরনীতি বিষয়ক মন্ত্রীর দায়িত্ব পালন করেন। পাশাপাশি তিনি মারাকেশের মেয়র হিসেবেও দায়িত্ব পালন করছিলেন।
নিয়োগের পর টেলিভিশনে দেওয়া বক্তব্যে আল মানসুরি তাঁর দায়িত্ব গ্রহণকে ঐতিহাসিক বলে উল্লেখ করেন। তিনি বলেন, মরক্কোর ইতিহাসে প্রথমবার একজন নারী সরকার পরিচালনার দায়িত্ব নিচ্ছেন। নতুন প্রধানমন্ত্রী জানান, সরকার গঠনের আলোচনা দলের ভেতর থেকে শুরু করে পরে অন্যান্য রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা করা হবে।
২৩ সেপ্টেম্বরের নির্বাচনে ৩৯৫ আসনের প্রতিনিধি পরিষদে আল মানসুরির দল ৯৭টি আসন পেয়েছে। তবে সরকার গঠনের জন্য প্রয়োজনীয় ১৯৮ আসনের নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা দলটি অর্জন করতে পারেনি। ফলে অন্য দলগুলোর সঙ্গে জোট গঠন করেই সরকার পরিচালনা করতে হবে।
নির্বাচনে জাতীয় সমাবেশ অব ইন্ডিপেন্ডেন্টস ৬৬টি এবং ইস্তিকলাল পার্টি ৬৫টি আসন পেয়েছে। ইসলামপন্থী জাস্টিস অ্যান্ড ডেভেলপমেন্ট পার্টি পেয়েছে ৫৪টি আসন। ভোট পড়েছে প্রায় ৩৮ শতাংশ, যা প্রায় দুই দশকের মধ্যে দেশটির সর্বনিম্ন ভোটার উপস্থিতি।
২০০৮ সালে অথেনটিসিটি অ্যান্ড মডার্নিটি পার্টি প্রতিষ্ঠার পরই আল মানসুরি এতে যোগ দেন। ২০০৯ সালে তিনি প্রথম নারী হিসেবে মারাকেশের মেয়র নির্বাচিত হন। পরে ২০২১ সালে আবারও মেয়র নির্বাচিত হন।
নতুন সরকারের সামনে বেকারত্ব, জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি ও তরুণদের আর্থসামাজিক অসন্তোষসহ বিভিন্ন চ্যালেঞ্জ রয়েছে। এর পাশাপাশি ২০৩০ সালের বিশ্বকাপ আয়োজনের প্রস্তুতির শেষ পর্যায়ের কাজও নতুন সরকারের গুরুত্বপূর্ণ দায়িত্বের মধ্যে থাকবে।
আল মানসুরি বলেন, বর্তমান সময়টি গুরুত্বপূর্ণ এবং মরক্কোর জনগণ, বিশেষ করে তরুণদের প্রত্যাশা ব্যাপক। তাঁদের উদ্বেগের বিষয়ে বাস্তবসম্মত ও কার্যকর সমাধান দেওয়ার মতো কর্মসূচি গ্রহণের কথা জানান তিনি।
অথেনটিসিটি অ্যান্ড মডার্নিটি পার্টি পাঁচ বছরের মেয়াদে গড়ে বার্ষিক ৫ শতাংশ অর্থনৈতিক প্রবৃদ্ধি, ২ শতাংশ মূল্যস্ফীতি এবং অন্তত ১০ লাখ নতুন কর্মসংস্থান সৃষ্টির প্রতিশ্রুতি দিয়েছে।

মরক্কো, নারী প্রধানমন্ত্রী, ফাতিমা আল মানসুরি


এ জাতীয় আরো খবর