বুধবার, সেপ্টেম্বর ৩০, ২০২৬

ইব্রাহিম শেখের অতিরিক্ত কারাবাসে ৫ কোটি টাকা ক্ষতিপূরণ চেয়ে হাইকোর্টের রুল

  • নিজস্ব প্রতিবেদক
  • ২০২৬-০৯-৩০ ১০:১৩:০১
ফাইল ছবি

খুলনার বটিয়াঘাটার ইব্রাহিম শেখকে খালাসের পরও দীর্ঘদিন কারাগারে রাখার ঘটনায় পাঁচ কোটি টাকা ক্ষতিপূরণ কেন দেওয়া হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট।
সোমবার রিট আবেদনের প্রাথমিক শুনানি শেষে বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তী ও বিচারপতি শেখ তাহসিন আলীর হাইকোর্ট বেঞ্চ এ রুল জারি করেন। জাতীয় হিন্দু মহাজোটের পক্ষে রিটটি করেন আইনজীবী গোবিন্দ চন্দ্র প্রামাণিক। রিটের পক্ষে শুনানি করেন মুহাম্মদ হাসান শহীদ কারুজ্জামান। সরকারপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল ইমাম হোসেন তারেক।
রিটে বলা হয়, বটিয়াঘাটা উপজেলার বাসিন্দা ইব্রাহিম শেখ পেশায় নাইটগার্ড ছিলেন। ২০০৩ সালে রাতের দায়িত্ব শেষে বাড়ি ফেরার পথে হত্যা মামলাসহ বিভিন্ন অভিযোগে পুলিশ তাকে গ্রেপ্তার করে। আর্থিক অসচ্ছলতার কারণে তিনি নিজস্ব আইনজীবী নিয়োগ করতে পারেননি। পরে দায়রা আদালত একটি মামলায় তাকে মৃত্যুদণ্ড এবং অন্য একটি মামলায় যাবজ্জীবন কারাদণ্ড দেন।
২০১৭ সালের ২০ জুলাই হাইকোর্টের রায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত মামলা থেকে ইব্রাহিম শেখ খালাস পান। পরে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত মামলাতেও হাইকোর্ট তাকে খালাস দেন। কিন্তু খালাসের আদেশের অনুলিপি কারা কর্তৃপক্ষের কাছে পৌঁছাতে প্রায় আট বছর সময় লাগে। ফলে আদালতের খালাসের আদেশ থাকা সত্ত্বেও তিনি দীর্ঘদিন কারাগারে ছিলেন।
রিটে আরও বলা হয়, প্রায় ২২ বছর কারাগারে থাকার সময়ে ইব্রাহিম শেখের মা মারা যান এবং তাঁর স্ত্রীও অন্যত্র চলে যান। দীর্ঘ কারাবাসের কারণে তিনি শারীরিক ও মানসিকভাবে অসুস্থ হয়ে পড়েছেন। চরম আর্থিক সংকটের কারণে প্রয়োজনীয় চিকিৎসাও নিতে পারছেন না।
একটি সংবাদপত্রে ইব্রাহিম শেখের দুর্ভোগের বিষয়টি প্রকাশিত হওয়ার পর জাতীয় হিন্দু মহাজোট তাঁর ক্ষতিপূরণ, পুনর্বাসন, বাসস্থান ও চিকিৎসাসেবা নিশ্চিত করার দাবিতে জনস্বার্থে রিট করে।
রিটে খালাসের আদেশ আট বছর ধরে সংশ্লিষ্ট কারা কর্তৃপক্ষের কাছে পাঠানো ও কার্যকর করতে ব্যর্থতাকে বেআইনি ও অসাংবিধানিক ঘোষণা করার নির্দেশনা চাওয়া হয়েছে। একই সঙ্গে এ ঘটনায় সংবিধানের ২৭, ৩১ ও ৩২ অনুচ্ছেদে নিশ্চিত মৌলিক অধিকার লঙ্ঘিত হয়েছে কি না, তা জানতে চাওয়া হয়েছে।
দীর্ঘায়িত আটকাদেশের কারণে ইব্রাহিম শেখের স্বাভাবিক জীবনযাপনের স্বাধীনতা, মর্যাদা ও জীবিকা হারানোর ক্ষতিপূরণ হিসেবে পাঁচ কোটি টাকা অথবা আদালত নির্ধারিত দৃষ্টান্তমূলক অর্থ দেওয়ার নির্দেশ কেন দেওয়া হবে না, রুলে তাও জানতে চাওয়া হয়েছে।

ইব্রাহিম শেখ, হাইকোর্ট, ক্ষতিপূরণ


এ জাতীয় আরো খবর