কক্সবাজার শহরের লাইট হাউজপাড়া থেকে ৬৭ পিস ইয়াবাসহ লিপি আকতার ওরফে লিপি মনি (৩৩) নামে এক নারীকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)।
মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) রাত ৭টা ৪০ মিনিটে কক্সবাজার পৌরসভার ১২ নম্বর ওয়ার্ডের লাইট হাউজপাড়ার ৫ নম্বর গলিতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার লিপি আকতার কক্সবাজার সদর উপজেলার ভারুয়াখালী পশ্চিমপাড়ার মোস্তাফিজুর রহমান ও মোমেনা খাতুনের মেয়ে এবং মো. ইউসুফের স্ত্রী। ডিএনসি জানিয়েছে, তিনি লাইট হাউজপাড়ার ৫ নম্বর গলির কুমিল্লা রিসোর্টের দ্বিতীয় তলার ২০৪ নম্বর কক্ষে বসবাস করতেন।
ডিএনসি সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে আরফা স্টোরের পশ্চিম পাশে রাস্তার ওপর থেকে লিপি আকতারকে আটক করা হয়। পরে তার হাতে থাকা একটি পলিথিনের ব্যাগ তল্লাশি করে টিস্যু পেপারে মোড়ানো অবস্থায় ৬৭ পিস কমলা রঙের অ্যামফিটামিনযুক্ত ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। উদ্ধার করা ইয়াবার ওজন ৬ গ্রাম।
এ ঘটনায় লিপি আকতার ওরফে লিপি মনির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) সারণির ক্রমিক নম্বর ১০(ক) ধারায় কক্সবাজার সদর মডেল থানায় মামলা করা হয়েছে। মামলার বাদী হয়েছেন ডিএনসির সহকারী উপপরিদর্শক (এএসআই) অজয় কুমার সাহা।
কক্সবাজার জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিচালক সোমেন মন্ডল বিষয়টি নিশ্চিত করেছেন।