বৃহস্পতিবার, সেপ্টেম্বর ২৪, ২০২৬

বিকাশ-রবিসহ ৫ ডিজিটাল ব্যাংককে এলওআই দিচ্ছে বাংলাদেশ ব্যাংক

  • নিজস্ব প্রতিবেদক
  • ২০২৬-০৯-২৪ ১৮:৫৭:১৭

দেশে নতুন করে পাঁচটি ডিজিটাল ব্যাংক প্রতিষ্ঠার প্রাথমিক অনুমোদন দিয়েছে বাংলাদেশ ব্যাংক। এসব প্রতিষ্ঠানকে লেটার অব ইনটেন্ট (এলওআই) দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় ব্যাংকের পরিচালনা পর্ষদ।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বাংলাদেশ ব্যাংকের পরিচালনা পর্ষদের সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় পাঁচটি প্রস্তাবিত ডিজিটাল ব্যাংককে এলওআই দেওয়ার অনুমোদন দেওয়া হয়।
প্রাথমিক অনুমোদন পাওয়া প্রতিষ্ঠানগুলো হলো-বিকাশ ডিজিটাল ব্যাংক, বুস্ট ডিজিটাল ব্যাংক-রবি, ডিজিটাল ব্যাংকিং অব ভুটান-ডিকে,কড়ি ডিজিটাল ব্যাংক এবং নোভা ডিজিটাল ব্যাংক-বাংলালিংক অ্যান্ড স্কয়ার।
বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী,ডিজিটাল ব্যাংক প্রতিষ্ঠার জন্য দ্বিতীয় দফায় মোট ১২টি প্রতিষ্ঠান আবেদন করেছিল। এর মধ্যে ছিল ব্রিটিশ বাংলা ডিজিটাল ব্যাংক পিএলসি, ডিজিটাল ব্যাংকিং অব ভুটান-ডিকে, আমার ডিজিটাল ব্যাংক-২২ এমএফআই, ৩৬ ডিজিটাল ব্যাংক পিএলসি, বুস্ট-রবি, আমার ব্যাংক, অ্যাপ ব্যাংক-ফার্মারস, নোভা ডিজিটাল ব্যাংক-বাংলালিংক অ্যান্ড স্কয়ার, মৈত্রী ডিজিটাল ব্যাংক পিএলসি, উপকারী ডিজিটাল ব্যাংক, মুনাফা ইসলামী ডিজিটাল ব্যাংক-আকিজ এবং বিকাশ ডিজিটাল ব্যাংক।
এই ১২টি আবেদনের মধ্য থেকে প্রাথমিক যাচাই-বাছাই শেষে পাঁচটি প্রতিষ্ঠানকে এলওআই দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এলওআই চূড়ান্ত ব্যাংক লাইসেন্স নয়; বরং নির্ধারিত শর্ত পূরণ সাপেক্ষে ব্যাংক প্রতিষ্ঠার পরবর্তী প্রস্তুতি নেওয়ার জন্য এটি প্রাথমিক সম্মতি।
কেন্দ্রীয় ব্যাংকের নীতিমালা অনুযায়ী,ডিজিটাল ব্যাংকগুলো শাখাবিহীনভাবে প্রযুক্তিনির্ভর ব্যবস্থায় ব্যাংকিং সেবা দেওয়ার কথা। এ ধরনের ব্যাংকের কার্যক্রম মূলত ওয়েবসাইট ও মুঠোফোনভিত্তিক সেবার মাধ্যমে পরিচালিত হবে।

ডিজিটাল ব্যাংক, বাংলাদেশ ব্যাংক, এলওআই


এ জাতীয় আরো খবর