বুধবার, সেপ্টেম্বর ২৩, ২০২৬

এরদোয়ানের সঙ্গে তারেক রহমানের বৈঠক,সহযোগিতা বাড়ানোর প্রত্যয়

  • আন্তর্জাতিক ডেস্ক
  • ২০২৬-০৯-২৩ ০৯:২১:২৩
ছবি: সংগৃহীত।

বাংলাদেশ ও তুরস্কের মধ্যকার সম্পর্ক আরও জোরদার এবং বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা সম্প্রসারণের প্রত্যয় ব্যক্ত করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান ও তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যিপ এরদোয়ান।
স্থানীয় সময় মঙ্গলবার সন্ধ্যায় নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরের কাছে ৮২১ ইউনাইটেড নেশনস প্লাজায় অবস্থিত তুর্কি হাউসে দুই নেতার মধ্যে দ্বিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত হয়। জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের কার্যক্রমের ফাঁকে এ বৈঠক হয়।
প্রধানমন্ত্রীর সহকারী প্রেস সচিব কে এম নাজমুল হক জানান, বৈঠকে বাংলাদেশ ও তুরস্কের ঐতিহাসিক ও বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে আরও সুদৃঢ় ও বহুমাত্রিক করার বিষয়ে দুই নেতা মতবিনিময় করেন।
এ সময় অর্থনীতি, বাণিজ্য ও বিনিয়োগসহ বিভিন্ন খাতে বিদ্যমান সহযোগিতা আরও বাড়ানোর সম্ভাবনা নিয়েও আলোচনা হয়। পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়কে সামনে রেখে ভবিষ্যতে দুই দেশের অংশীদারত্বের নতুন ক্ষেত্র তৈরির বিষয়েও গুরুত্ব দেওয়া হয়।
বৈঠকে আঞ্চলিক ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ বিভিন্ন বিষয় নিয়েও মতবিনিময় করেন তারেক রহমান ও এরদোয়ান। পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট ইস্যুতে বাংলাদেশ ও তুরস্কের মধ্যে ঘনিষ্ঠ যোগাযোগ, সহযোগিতা ও সমন্বয় অব্যাহত রাখার ওপর গুরুত্বারোপ করেন তারা।
তুরস্কের প্রেসিডেন্টের দপ্তরের তথ্য অনুযায়ী, বৈঠকে দ্বিপক্ষীয় সম্পর্কের পাশাপাশি বাণিজ্য বাড়ানো এবং সহযোগিতাকে আরও প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার বিষয়ও আলোচনায় আসে। এরদোয়ান বাংলাদেশের আশ্রয়ে থাকা রোহিঙ্গাদের জন্য তুরস্কের মানবিক সহায়তা অব্যাহত রাখার কথাও জানান।
দুই দেশের বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে আরও সুদৃঢ় করে অভিন্ন অগ্রাধিকার ও পারস্পরিক স্বার্থের ভিত্তিতে ভবিষ্যৎ সহযোগিতার নতুন ক্ষেত্র উন্মোচনে একসঙ্গে কাজ করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন দুই নেতা।

তারেক রহমান, এরদোয়ান, বাংলাদেশ-তুরস্ক


এ জাতীয় আরো খবর