বৃহস্পতিবার, সেপ্টেম্বর ২৪, ২০২৬

হরমুজ খুলতে যুক্তরাষ্ট্রকে পাঁচ দিনের সময় দিল ইরান

  • আন্তর্জাতিক ডেস্ক
  • ২০২৬-০৯-২৪ ১৯:২২:২৫

হরমুজ প্রণালি পুনরায় চালুর জন্য তেহরানের নির্ধারিত শর্ত মেনে নিতে যুক্তরাষ্ট্রকে পাঁচ দিনের সময়সীমা দিয়েছে ইরান। শর্ত পূরণ না হলে প্রণালিটি বন্ধই থাকবে বলে জানিয়েছেন দেশটির সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদের সচিব মোহসেন রেজাই। বিষয়টি সামা টিভির প্রতিবেদনে উঠে এসেছে।
রেজাই জানান, জাতিসংঘের বৈঠকের মাধ্যমে যুক্তরাষ্ট্রের কাছে ইরানের শর্তগুলো পৌঁছে দেওয়া হয়েছে। ওয়াশিংটন এসব শর্ত গ্রহণ না করা পর্যন্ত তেহরান বড় পরিসরে কোনো আলোচনায় বসবে না বলেও তিনি জানান। হরমুজ প্রণালি চালুর বিষয়টিও শর্ত পূরণের সঙ্গে সরাসরি যুক্ত থাকবে।
ইরানের এই কর্মকর্তা আরও বলেন, তেহরান আগের কূটনৈতিক প্রক্রিয়া কিংবা ইসলামাবাদ সমঝোতার কাঠামোয় ফিরে যাবে না। নতুন কূটনৈতিক পথেই ইরান এগিয়ে যাবে এবং যুক্তরাষ্ট্রকেই ইরানি জনগণের আস্থা অর্জনের উদ্যোগ নিতে হবে বলে মন্তব্য করেন তিনি।
এদিকে ইরানের বিমান চলাচলে কোনো ধরনের বাধা সৃষ্টি না করতে প্রতিবেশী দেশগুলোর প্রতিও সতর্কবার্তা দিয়েছেন রেজাই। তার দাবি, কোনো দেশ ইরানি উড়োজাহাজ চলাচলে প্রতিবন্ধকতা তৈরি করলে পাল্টা ব্যবস্থা হিসেবে ওই দেশগুলোর বিমানবন্দর অচল করে দেওয়ার পদক্ষেপ নেবে তেহরান।
হরমুজ প্রণালিকে ঘিরে এমন অবস্থানের মধ্যে ওই পথে জাহাজ চলাচলও উল্লেখযোগ্যভাবে কমে গেছে। সাম্প্রতিক তথ্য অনুযায়ী, সংঘাতের আগে যেখানে প্রতিদিন গড়ে প্রায় ১২৫টি পণ্যবাহী জাহাজ চলাচল করত, সেখানে সাম্প্রতিক সময়ে সেই সংখ্যা অনেক নিচে নেমেছে।

হরমুজ প্রণালি, ইরান, যুক্তরাষ্ট্র


এ জাতীয় আরো খবর