বৃহস্পতিবার, সেপ্টেম্বর ১০, ২০২৬

হংকংয়ে বহুমুখী পণ্য রপ্তানি বাড়িয়ে বাণিজ্য ঘাটতি কমাতে চায় বাংলাদেশ

  • নিজস্ব প্রতিবেদক
  • ২০২৬-০৯-১০ ১২:৪১:৫১
ছবি: সংগৃহীত।

হংকংয়ের সঙ্গে বাংলাদেশের বাণিজ্য ঘাটতি কমাতে তৈরি পোশাকের পাশাপাশি তাজা ফল, পাট, চামড়াজাত পণ্যসহ উচ্চমূল্যের বহুমুখী পণ্য রপ্তানি বাড়ানোর ওপর গুরুত্ব দিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।
বৃহস্পতিবার হংকং কনভেনশন অ্যান্ড এক্সিবিশন সেন্টারে বেল্ট অ্যান্ড রোড উদ্যোগের শীর্ষ সম্মেলনের পার্শ্ববৈঠকে হংকং ট্রেড ডেভেলপমেন্ট কাউন্সিলের নির্বাহী পরিচালক সোফিয়া চংয়ের সঙ্গে বৈঠকে তিনি এ গুরুত্বারোপ করেন। পরে বাণিজ্য মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বৈঠকের বিষয়টি জানানো হয়।
বৈঠকে বাণিজ্যমন্ত্রী বলেন, ২০২৪-২৫ অর্থবছরে বাংলাদেশ ও হংকংয়ের মধ্যে দ্বিপক্ষীয় বাণিজ্যের পরিমাণ ছিল ৪১৫ মিলিয়ন ডলার। এ সময়ে বাংলাদেশ হংকং থেকে ৩০৭ মিলিয়ন ডলারের পণ্য আমদানি করেছে। বিপরীতে রপ্তানি করেছে ১০৮ মিলিয়ন ডলারের পণ্য। পরবর্তী অর্থবছর ২০২৫-২৬-এ বাংলাদেশের রপ্তানি বেড়ে ১০৯ দশমিক ৫১ মিলিয়ন ডলারে উন্নীত হয়েছে।
তিনি বলেন, বাণিজ্য ঘাটতি কমাতে হংকংয়ের বাজারে বাংলাদেশি পণ্যের সরাসরি প্রবেশ আরও বাড়ানো জরুরি। এ লক্ষ্যে আম, কাঁঠাল ও লেবুসহ মানসম্মত ও উচ্চমূল্যের ফল হংকংয়ের বড় আমদানিকারক এবং সুপারমার্কেটগুলোর বাজারে পৌঁছাতে ব্যবসায়ী পর্যায়ে সরাসরি যোগাযোগ ও ক্রেতা-বিক্রেতা সংযোগ কার্যক্রম আয়োজনের প্রস্তাব দেন তিনি।
এর পাশাপাশি পরিবেশবান্ধব ও সহজে মাটিতে মিশে যায় এমন পাটপণ্যের বাজার সম্প্রসারণে সহযোগিতা বাড়ানোর আহ্বান জানান বাণিজ্যমন্ত্রী। আন্তর্জাতিক বাণিজ্য মেলায় ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের জন্য ভর্তুকি কিংবা বিনা মূল্যে প্রদর্শনী স্টলের সুযোগ এবং পণ্যের উৎপত্তির ইলেকট্রনিক সনদ চালুরও প্রস্তাব দেন তিনি।
স্বল্পোন্নত দেশের তালিকা থেকে উত্তরণের পর বাংলাদেশের সম্ভাব্য বাণিজ্যিক চ্যালেঞ্জ মোকাবিলায় হংকংয়ের সঙ্গে দ্বিপক্ষীয় বাণিজ্য ও বিনিয়োগ বিষয়ে সমঝোতা স্মারক স্বাক্ষরের আগ্রহও প্রকাশ করেন খন্দকার আব্দুল মুক্তাদির।
বাংলাদেশের প্রস্তাবগুলোকে স্বাগত জানিয়ে সোফিয়া চং দুই দেশের ব্যবসায়ীদের মধ্যে সরাসরি যোগাযোগ আরও জোরদারের প্রয়োজনীয়তার কথা বলেন। একই সঙ্গে তৈরি পোশাক, বস্ত্র, চামড়াজাত পণ্য ও তথ্যপ্রযুক্তি খাতে সহযোগিতা সম্প্রসারণের সম্ভাবনা রয়েছে বলেও জানান তিনি।
বৈঠক শেষে হংকং ট্রেড ডেভেলপমেন্ট কাউন্সিলের একটি উচ্চপর্যায়ের ব্যবসায়ী প্রতিনিধি দলকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান বাণিজ্যমন্ত্রী।

হংকং বাণিজ্য, রপ্তানি, পাটপণ্য


এ জাতীয় আরো খবর