মঙ্গলবার, সেপ্টেম্বর ২২, ২০২৬

নিউইয়র্কে পৌঁছেছেন প্রধানমন্ত্রী,২৪ সেপ্টেম্বর জাতিসংঘে ভাষণ

  • আন্তর্জাতিক ডেস্ক
  • ২০২৬-০৯-২২ ১০:৩২:৩৭
ছবি: সংগৃহীত।

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
ইস্তাম্বুলে সংক্ষিপ্ত যাত্রাবিরতির পর প্রধানমন্ত্রী, তাঁর সহধর্মিণী ডা. জুবাইদা রহমান ও সফরসঙ্গীদের বহনকারী তুর্কি এয়ারলাইনসের একটি ফ্লাইট স্থানীয় সময় সোমবার (২১ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টা ২০ মিনিটে জন এফ কেনেডি আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। প্রধানমন্ত্রীর উপপ্রেস সচিব জাহিদুল ইসলাম রনি এ তথ্য জানিয়েছেন।
বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে স্বাগত জানান জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন জুবাইদা খান এবং যুক্তরাষ্ট্রে বাংলাদেশের রাষ্ট্রদূত তারেক মো. আরিফুল ইসলাম। পরে মোটরশোভাযাত্রা সহকারে তাঁকে নিউইয়র্কের হায়াত গ্র্যান্ড সেন্ট্রাল হোটেলে নেওয়া হয়। সফরকালে তিনি সেখানেই অবস্থান করবেন।
প্রধানমন্ত্রীর আগমনকে কেন্দ্র করে নিউইয়র্কে প্রবাসী বাংলাদেশি এবং বিএনপির নেতা-কর্মীদের বিভিন্ন কর্মসূচি ও স্বাগত আয়োজন দেখা যায়। বিমানবন্দর ও হোটেলের আশপাশে তাঁকে স্বাগত জানিয়ে ব্যানার, পোস্টার ও ফেস্টুন নিয়ে অনেকে উপস্থিত ছিলেন।
প্রধানমন্ত্রী তারেক রহমান ২৬ সদস্যের প্রতিনিধিদলের নেতৃত্ব দিচ্ছেন। আগামী ২৪ সেপ্টেম্বর জাতিসংঘ সাধারণ পরিষদের সাধারণ বিতর্ক পর্বে তাঁর ভাষণ দেওয়ার কথা রয়েছে। নিউইয়র্ক সময় বিকেল সাড়ে ৫টার দিকে তাঁর বক্তব্য দেওয়ার সম্ভাব্য সময় নির্ধারণ করা হয়েছে এবং তাঁর জন্য ১৫ মিনিট সময় বরাদ্দ রয়েছে। সময়সূচিতে পরিবর্তন হতে পারে।
পররাষ্ট্র সচিব আসাদ আলম সিয়াম জানিয়েছেন, প্রধানমন্ত্রীর ভাষণে বাংলাদেশের গণতান্ত্রিক যাত্রা, আইনের শাসন ও জবাবদিহিতা, বৈশ্বিক শান্তি ও নিরাপত্তা, জলবায়ু পরিবর্তন, টেকসই উন্নয়ন, অর্থনৈতিক সহযোগিতা, নারী ও যুব ক্ষমতায়ন, শিক্ষা ও স্বাস্থ্য, রোহিঙ্গা সংকট, আধুনিক প্রযুক্তির ন্যায়সংগত ব্যবহার এবং বহুপাক্ষিক ব্যবস্থার সংস্কারের বিষয়গুলো গুরুত্ব পাবে।

প্রধানমন্ত্রীর কর্মসূচি
২২ সেপ্টেম্বর জাতিসংঘ সদর দফতরে জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেসের আয়োজনে রাষ্ট্র ও সরকারপ্রধানদের সম্মানে দেওয়া স্বাগত প্রাতরাশে অংশ নেবেন প্রধানমন্ত্রী। এরপর সাধারণ পরিষদের উদ্বোধনী কার্যক্রমে যোগ দেবেন। একই দিনে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ান, ভুটানের প্রধানমন্ত্রী শেরিং তোবগে, বিশ্বব্যাংক গ্রুপের প্রেসিডেন্ট অজয় বঙ্গ ও হাইতির প্রধানমন্ত্রী আলিক্স দিদিয়ার ফিলস-আইমের সঙ্গে বৈঠকের কথা রয়েছে। এছাড়া জাতিসংঘের বিভিন্ন কর্মকর্তা ও আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধিদের সঙ্গে তাঁর বৈঠক হবে। সন্ধ্যায় মার্কিন প্রেসিডেন্টের আয়োজিত অভ্যর্থনা অনুষ্ঠানে অংশ নেওয়ার কথা রয়েছে।
২৩ সেপ্টেম্বর আন্তর্জাতিক দাতব্য ও মানবিক সংস্থার প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করবেন প্রধানমন্ত্রী। এদিন রোহিঙ্গা সংকট নিয়ে বাংলাদেশ আয়োজিত একটি পার্শ্ব-অনুষ্ঠান এবং জলবায়ু পদক্ষেপ ও ন্যায়সঙ্গত রূপান্তরবিষয়ক উচ্চপর্যায়ের বৈঠকেও অংশ নেওয়ার কথা রয়েছে। বৈশ্বিক বৈষম্য সংকট নিয়েও একটি বৈঠকে অংশ নেবেন তিনি।
২৪ সেপ্টেম্বর সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধির হুমকি নিয়ে উচ্চপর্যায়ের সভায় প্রারম্ভিক বক্তব্য দেবেন প্রধানমন্ত্রী। একই দিনে পাকিস্তানের প্রধানমন্ত্রী মুহাম্মদ শাহবাজ শরিফ, জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস ও থাইল্যান্ডের প্রধানমন্ত্রী অনুতিন চার্নভিরাকুলের সঙ্গে বৈঠকের কথা রয়েছে। মাতৃ ও নবজাতকের প্রতিরোধযোগ্য মৃত্যু রোধ এবং ধাত্রীসেবা নিয়ে আয়োজিত একটি উচ্চপর্যায়ের অনুষ্ঠানেও তিনি বক্তব্য দেবেন। এরপর সাধারণ পরিষদের সাধারণ বিতর্কে বাংলাদেশের পক্ষে ভাষণ দেবেন।
২৫ সেপ্টেম্বর ওয়াল স্ট্রিটের প্রতিনিধিদের সঙ্গে জেপিমরগানের আয়োজিত প্রাতরাশ বৈঠকে অংশ নেবেন প্রধানমন্ত্রী। পরে কুয়েতের যুবরাজ শেখ সাবাহ খালেদ আল-হামাদ আল-সাবাহর সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক এবং ইন্টারন্যাশনাল পিস ইনস্টিটিউটের প্রেসিডেন্ট প্রিন্স জাইদ আল হুসেইনের সঙ্গে মধ্যাহ্নভোজে অংশ নেওয়ার কথা রয়েছে। একই দিনে যুক্তরাষ্ট্রে বসবাসরত বিএনপি নেতা-কর্মীদের সঙ্গেও তাঁর মতবিনিময়ের কর্মসূচি রয়েছে।
নিউইয়র্ক সময় ২৫ সেপ্টেম্বর রাত ১১টায় এমিরেটসের একটি ফ্লাইটে দুবাই হয়ে ঢাকার উদ্দেশে নিউইয়র্ক ছাড়বেন প্রধানমন্ত্রী। ২৭ সেপ্টেম্বর তাঁর ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে।
এবারের অধিবেশনে প্রধানমন্ত্রীর অংশগ্রহণ বাংলাদেশের জন্য বাড়তি তাৎপর্য বহন করছে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, এটি প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমানের জাতিসংঘ সাধারণ পরিষদে প্রথম অংশগ্রহণ এবং ২৪ সেপ্টেম্বর তিনি প্রথমবারের মতো এই বৈশ্বিক মঞ্চে ভাষণ দেবেন। একই অধিবেশনে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন।

তারেক রহমান, জাতিসংঘ, নিউইয়র্ক


এ জাতীয় আরো খবর