বৃহস্পতিবার, সেপ্টেম্বর ২৪, ২০২৬

কুয়েটে ‘আন্তঃবিভাগ ইনডোর টুর্নামেন্ট ২০২৬’-এর উদ্বোধন

  • কুয়েট প্রতিনিধি
  • ২০২৬-০৯-২৪ ১৮:৪৬:৪৬

খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (কুয়েট) তিন দিনব্যাপী ‘কুয়েট ইন্টার ডিপার্টমেন্ট ইনডোর টুর্নামেন্ট-২০২৬’ শুরু হয়েছে।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৫টা ১৫ মিনিটে বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট ওয়েলফেয়ার সেন্টারে টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে টুর্নামেন্টের শুভ উদ্বোধন ঘোষণা করেন কুয়েটের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মুহাম্মদ মাছুদ।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের পরিচালক (ছাত্র কল্যাণ) প্রফেসর ড. মোঃ হাসান আলী। এ সময় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
উদ্বোধনী বক্তব্যে ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মুহাম্মদ মাছুদ বলেন, শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশের পাশাপাশি পারস্পরিক সৌহার্দ্য, শৃঙ্খলা ও নেতৃত্বের গুণাবলি বিকাশে খেলাধুলার গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। একাডেমিক কার্যক্রমের পাশাপাশি শিক্ষার্থীদের নিয়মিত ক্রীড়া ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে সম্পৃক্ত হওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, এ ধরনের আন্তঃবিভাগীয় আয়োজন শিক্ষার্থীদের মধ্যে পারস্পরিক সম্পর্ক ও সম্প্রীতি আরও সুদৃঢ় করবে। তিনি টুর্নামেন্টের সার্বিক সাফল্য কামনা করেন এবং অংশগ্রহণকারী সকল শিক্ষার্থীকে খেলোয়াড়সুলভ মনোভাব নিয়ে প্রতিযোগিতায় অংশ নেওয়ার আহ্বান জানান।
বিশ্ববিদ্যালয়ের ছাত্র কল্যাণ দপ্তরের আয়োজনে অনুষ্ঠিত এ টুর্নামেন্টে কুয়েটের বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা দাবা, টেবিল টেনিস ও ক্যারাম ইভেন্টে অংশগ্রহণ করছেন।
প্রতিযোগিতায় বিশ্ববিদ্যালয়ের মোট ১৬টি বিভাগ চারটি গ্রুপে বিভক্ত হয়ে অংশ নিচ্ছে। নির্ধারিত সময়সূচি অনুযায়ী ২৪ ও ২৫ সেপ্টেম্বর গ্রুপ পর্বের খেলাগুলো অনুষ্ঠিত হবে। আগামী ২৬ সেপ্টেম্বর সেমিফাইনাল ও ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে।
টুর্নামেন্টের সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান আগামী ২৬ সেপ্টেম্বর (শনিবার) সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে বিশ্ববিদ্যালয়ের অডিটরিয়ামে অনুষ্ঠিত হবে।

 


এ জাতীয় আরো খবর