শনিবার, সেপ্টেম্বর ৫, ২০২৬

ড্রিসকলের পদত্যাগের পর মার্কিন সেনাবাহিনীর ভারপ্রাপ্ত সচিব অ্যাডাম টেল

  • আন্তর্জাতিক ডেস্ক
  • ২০২৬-০৯-০৪ ১৫:৫৪:১৮
ছবি: সংগৃহীত।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দেশটির সেনাবাহিনীর নতুন ভারপ্রাপ্ত সচিব হিসেবে অ্যাডাম টেলকে নিয়োগ দিয়েছেন। সেনাবাহিনীর শীর্ষ বেসামরিক কর্মকর্তা ড্যান ড্রিসকল পদত্যাগ করার পরপরই বৃহস্পতিবার টেলকে এ দায়িত্ব দেওয়া হয়।
বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে বলা হয়েছে, ট্রাম্প তার সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক বার্তায় অ্যাডাম টেলের নিয়োগের ঘোষণা দেন। সেখানে তিনি টেলকে দেশপ্রেমিক ও সম্মানিত ব্যক্তি হিসেবে উল্লেখ করেন এবং জানান, সেনাবাহিনীর সিভিল ওয়ার্কস বিভাগের সহকারী সচিব হিসেবে দায়িত্ব পালন করা টেল অবিলম্বে ভারপ্রাপ্ত সেনাসচিবের দায়িত্ব গ্রহণ করবেন।
২০২৫ সালের আগস্টে মার্কিন সিনেটের অনুমোদনের পর অ্যাডাম টেল সেনাবাহিনীর সিভিল ওয়ার্কস বিভাগের সহকারী সচিব হিসেবে দায়িত্ব নেন। এর আগে তিনি দীর্ঘ সময় মার্কিন কংগ্রেসে বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্বে কাজ করেছেন।
অন্যদিকে, ড্যান ড্রিসকলের পদত্যাগের কারণ নিয়ে মার্কিন প্রশাসনের অভ্যন্তরীণ মতবিরোধের বিষয়টি সামনে এসেছে। বিভিন্ন প্রতিবেদনে বলা হয়েছে, পেন্টাগনের শীর্ষ নেতৃত্বের সঙ্গে তার মতপার্থক্য তৈরি হয়েছিল। বিশেষ করে প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথের সঙ্গে ড্রিসকলের বিরোধ ছিল বলে জানা গেছে।
ড্রিসকল মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সের সাবেক আইন স্কুলের সহপাঠী। প্রশাসনের ভেতরে ভ্যান্সের সঙ্গে তার ঘনিষ্ঠ সম্পর্কের কারণেই তিনি গুরুত্বপূর্ণ দায়িত্ব পেয়েছিলেন বলেও বিভিন্ন প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
ট্রাম্প প্রশাসনের সময়ে মার্কিন সামরিক বাহিনীর শীর্ষ নেতৃত্বে ধারাবাহিক পরিবর্তনের মধ্যে ড্রিসকলের পদত্যাগ সর্বশেষ ঘটনা হিসেবে সামনে এলো। তার পদত্যাগের পর সেনাবাহিনীর ভারপ্রাপ্ত সচিবের দায়িত্ব পেলেন অ্যাডাম টেল।

অ্যাডাম টেল, ড্রিসকল, পেন্টাগন


এ জাতীয় আরো খবর