মঙ্গলবার, আগস্ট ২৫, ২০২৬

খাদ্যজনিত অসংক্রামক রোগ নিয়ন্ত্রণে 'ফ্রন্ট-অব-প্যাকেজ লেবেলিং' চালুর বিষয়ে সাংবাদিক কর্মশালা

  • শবনম মোস্তফা
  • ২০২৬-০৮-২৫ ১৪:২৯:৫৫

বাংলাদেশে শিশু-কিশোর, তরুণসহ সব বয়সী মানুষের মধ্যে মাত্রাতিরিক্ত লবণ, চিনি ও ক্ষতিকর চর্বিযুক্ত অতি-প্রক্রিয়াজাত প্যাকেটজাত খাবার গ্রহণের প্রবণতা ক্রমবর্ধমান হারে বাড়ছে। একইসাথে বাড়ছে খাদ্যজনিত বিভিন্ন অসংক্রামক রোগ। এক্ষেত্রে প্যাকেটে স্পষ্ট সতর্কবার্তা বা ‘ফ্রন্ট-অফ-প্যাকেজ লেবেলিং (এফওপিএল)’ অসংক্রামক রোগ প্রতিরোধে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে।

২৪ ও ২৫ আগস্ট, রাজধানীর বিআইপি কনফারেন্স রুমে অনুষ্ঠিত “বাংলাদেশে ফ্রন্ট-অফ-প্যাকেজ লেবেলিং (এফওপিএল): প্রয়োজনীয়তা, অগ্রগতি ও করণীয়” শীর্ষক দুই দিনব্যাপী সাংবাদিক কর্মশালায় এসব বিষয় তুলে ধরেন বক্তারা। গ্লোবাল হেলথ অ্যাডভোকেসি ইনকিউবেটর (জিএইচএআই) এর সহযোগিতায় প্রজ্ঞা (প্রগতির জন্য জ্ঞান) আয়োজিত এই কর্মশালায় প্রিন্ট, টেলিভিশন এবং অনলাইন মিডিয়ায় কর্মরত ২৬ জন সাংবাদিক অংশগ্রহণ করেন।
কর্মশালায় বক্তারা জানান, বাংলাদেশে ৭১ শতাংশ মৃত্যুর জন্য দায়ী হৃদরোগ, ডায়াবেটিস, ক্যান্সার ও উচ্চ রক্তচাপসহ বিভিন্ন অসংক্রামক রোগ, যার অন্যতম কারণ অস্বাস্থ্যকর খাদ্যাভাস। বর্তমানে খাদ্য প্যাকেটের  পেছনে ছোট অক্ষরে লেখা জটিল পুষ্টি তথ্য বোঝা এবং খাবারের পুষ্টিগুণ ও স্বাস্থ্যঝুঁকি সম্পর্কে জানা ভোক্তার পক্ষে কঠিন। খাদ্যজনিত অসংক্রামক রোগ মোকাবিলায় অতি-প্রক্রিয়াজাত খাবারের মোড়কের সামনের অংশে স্পষ্ট ও সহজে বোধগম্য সতর্কবার্তা বা এফওপিএল চালু করা একটি কার্যকর উপায়।
বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের সদস্য অধ্যাপক ড. মোহাম্মদ শোয়েব বলেন, “খসড়া প্রবিধানমালাটি বর্তমানে খাদ্য মন্ত্রণালয়ে রয়েছে, সকল প্রক্রিয়া শেষে এটি দ্রুতই চূড়ান্ত হবে বলে আমরা আশাবাদী।”
ব্র্যাক জেমস পি গ্রান্ট স্কুল অফ পাবলিক হেলথ এর অ্যাসোসিয়েট সায়েন্টিস্ট আবু আহমেদ শামীম বলেন, “অসংক্রামক রোগ প্রতিরোধে এফওপিএল একটি বিজ্ঞানসম্মত উপায়, এটি ভোক্তাকে সহজেই অতি-প্রক্রিয়াজাত খাবারের স্বাস্থ্যঝুঁকি বুঝতে সাহায্য করবে।”
জিএইচএআই-এর বাংলাদেশ কান্ট্রি লিড, মুহাম্মাদ রূহুল কুদ্দুস বলেন, “অসংক্রামক রোগে মৃত্যু এক-তৃতীয়াংশ কমিয়ে আনা সংক্রান্ত টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে এফওপিএল প্রবিধানমালা দ্রুত চূড়ান্তকরণ ও বাস্তবায়নজরুরি।”
চ্যানেল ২৪-এর নির্বাহী পরিচালক জহিরুল আলম বলেন, “অসংক্রমাক রোগ মোকাবেলায় এফওপিএল এর কার্যকারিতা তুলে ধরে গণমাধ্যমে নিয়মিত আলোচনা ও বিশ্লেষণ খসড়া প্রবিধানমালা চূড়ান্তকরণের পথ সুগম করবে।”
কর্মশালায় আলোচক হিসেবে আরও উপস্থিত ছিলেন অ্যান্টি টোব্যাকো মিডিয়া এলায়েন্স-আত্মা’র কো-কনভেনর মিজান চৌধুরী এবং প্রজ্ঞা’র নির্বাহী পরিচালক এবিএম জুবায়ের। কর্মশালায় গণমাধ্যমকর্মীদের সামনে বিষয়ভিত্তিক উপস্থাপনা তুলে ধরেন প্রজ্ঞা’র কর্মসূচি প্রধান হাসান শাহরিয়ার এবং প্রোগ্রাম অফিসার শবনম মোস্তফা। 


 


এ জাতীয় আরো খবর