বৃহস্পতিবার, আগস্ট ২০, ২০২৬

মির্জা ফখরুলকে পাশে নিয়ে রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

  • নিজস্ব প্রতিবেদক
  • ২০২৬-০৮-২০ ১৬:১৪:০৫
ছবি: সংগৃহীত।

দীর্ঘ ৩৫ বছর পর অনুষ্ঠিত রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে সঙ্গে নিয়ে ভোট দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৃহস্পতিবার দুপুরে জাতীয় সংসদ অধিবেশন কক্ষে এ ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।
দুপুর ২টা ১০ মিনিটের দিকে প্রধানমন্ত্রী তাঁর আসন থেকে উঠে পাশে থাকা মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে সঙ্গে নিয়ে ভোট বাক্সের দিকে এগিয়ে যান। এক মিনিট পর প্রধানমন্ত্রী নিজের ব্যালট পেপার নির্ধারিত বাক্সে জমা দেন। এ সময় সংসদ সদস্যরা টেবিল চাপড়ে তাঁকে শুভেচ্ছা জানান।
এরপর রাষ্ট্রপতি পদে বিএনপির প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর তাঁর ব্যালট পেপার ভোট বাক্সে দেন। ভোট দেওয়ার পর তিনি উপস্থিত সংসদ সদস্যদের সঙ্গে শুভেচ্ছা ও করমর্দন করেন। পরে বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান এবং বিরোধীদলীয় উপনেতা সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহেরের সঙ্গেও তিনি সৌজন্য বিনিময় করেন।
এর আগে দুপুর ২টায় রাষ্ট্রপতি নির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়। ভোট শুরুর আগে রাষ্ট্রপতি নির্বাচনের প্রধান নির্বাচনী কর্মকর্তা ও প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন সংসদ সদস্যদের ভোট প্রদানের নিয়ম ও পদ্ধতি সম্পর্কে অবহিত করেন।
ভোটগ্রহণের শুরুতে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম এবং জাতীয় সংসদের ভারপ্রাপ্ত স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল ভোট দেন। তাঁরা ভোট দেওয়ার পর সংসদ সদস্যদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন। ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী তারেক রহমান ও রাষ্ট্রপতি পদপ্রার্থী মির্জা ফখরুলের সঙ্গেও করমর্দন করেন।
প্রায় আট মিনিট সংসদ কক্ষে অবস্থানের পর তিনি কক্ষ ত্যাগ করেন। এরপর দুপুর ২টা ১২ মিনিটে ভোট দেন বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। পরে সংসদ সদস্যরা পর্যায়ক্রমে ভোট প্রদান করতে থাকেন।
এবারের রাষ্ট্রপতি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন দুজন। তাঁরা হলেন বিএনপি মনোনীত দলটির সদ্য সাবেক মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং বাংলাদেশ জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্যের প্রার্থী লিবারেল ডেমোক্রেটিক পার্টির চেয়ারম্যান কর্নেল (অব.) অলি আহমদ বীর বিক্রম।
রাষ্ট্রপতি নির্বাচনে মোট ভোটার ৩৪৯ জন সংসদ সদস্য। বিকেল ৫টা পর্যন্ত ভোটগ্রহণ চলার কথা রয়েছে। এরপর ভোট গণনা করে ফল ঘোষণা করা হবে।
১৯৯১ সালের পর এবারই প্রথম সংসদ সদস্যদের সরাসরি ভোটে রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। সর্বশেষ ওই বছর অনুষ্ঠিত নির্বাচনে বিএনপির প্রার্থী আব্দুর রহমান বিশ্বাস আওয়ামী লীগের প্রার্থী বদরুল হায়দার চৌধুরীকে পরাজিত করে রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছিলেন।
সেবার আব্দুর রহমান বিশ্বাস পেয়েছিলেন ১৭২ ভোট, আর বদরুল হায়দার চৌধুরী পেয়েছিলেন ৯২ ভোট। এরপর দীর্ঘ সময় পর আবারও সংসদ সদস্যদের প্রত্যক্ষ ভোটে রাষ্ট্রপতি নির্বাচনের মধ্য দিয়ে দেশের রাজনৈতিক ইতিহাসে নতুন একটি অধ্যায় যুক্ত হলো।

রাষ্ট্রপতি, নির্বাচন, মির্জা ফখরুল


এ জাতীয় আরো খবর