শনিবার, আগস্ট ২২, ২০২৬

দেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল

  • নিজস্ব প্রতিবেদক:
  • ২০২৬-০৮-২১ ২৩:৫৭:০৪
ছবি: সংগৃহীত।

বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ গ্রহণ করেছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টায় বঙ্গভবনে রাষ্ট্রীয় আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে তিনি দেশের সর্বোচ্চ সাংবিধানিক পদে দায়িত্ব গ্রহণ করেন।
ভারপ্রাপ্ত স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল নবনির্বাচিত রাষ্ট্রপতিকে শপথবাক্য পাঠ করান। শপথ অনুষ্ঠানের শুরুতে বঙ্গভবনের সামরিক সচিব ও অন্যান্য সচিব অক্টাগনে নবনির্বাচিত রাষ্ট্রপতিকে অভ্যর্থনা জানান। পরে তাকে ভিভিআইপি-১ আসনে নিয়ে যাওয়া হয়।
এরপর ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম প্রধানমন্ত্রী তারেক রহমানকে অভ্যর্থনা জানান। প্রধানমন্ত্রী ও দুই রাষ্ট্রপতি একসঙ্গে দরবার হলে প্রবেশ করলে রাষ্ট্রীয় আনুষ্ঠানিকতায় নবনির্বাচিত রাষ্ট্রপতিকে স্বাগত জানানো হয়। এ সময় জাতীয় সংগীত পরিবেশন করা হয়।
অতিথিরা নির্ধারিত আসন গ্রহণের পর মন্ত্রিপরিষদ সচিবের অনুমতিক্রমে পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে শপথ অনুষ্ঠান শুরু হয়। পরে মন্ত্রিপরিষদ সচিব রাষ্ট্রপতি নির্বাচন আইন উপস্থিত অতিথিদের সামনে উপস্থাপন করেন এবং ভারপ্রাপ্ত স্পিকারকে নবনির্বাচিত রাষ্ট্রপতিকে শপথ পাঠ করানোর অনুরোধ জানান।
শপথ গ্রহণ শেষে নতুন ও বিদায়ী রাষ্ট্রপতি পরস্পরের আসন পরিবর্তন করেন। এরপর ভারপ্রাপ্ত স্পিকার ও রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর শপথসংক্রান্ত নথিতে স্বাক্ষর করেন। দায়িত্ব গ্রহণের পর বিদায়ী ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি ও নবনির্বাচিত রাষ্ট্রপতি পরস্পরকে ফুলেল শুভেচ্ছা জানান।
এরপর রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর নতুন চার মন্ত্রী ও দুই প্রতিমন্ত্রীকে দায়িত্ব গ্রহণের শপথ পাঠ করান।
জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে বঙ্গভবনে রাষ্ট্রপতির শপথ গ্রহণের আনুষ্ঠানিকতা শেষ হয়।

রাষ্ট্রপতি, শপথ, বঙ্গভবন


এ জাতীয় আরো খবর