আহলে সুন্নাত ওয়াল জামায়াতের আকিদা-বিশ্বাস সংরক্ষণ এবং এ বিষয়ে জনসচেতনতা তৈরির লক্ষ্যে রাজধানীতে শুরু হয়েছে জাতীয় ওলামা-মাশায়েখ কনভেনশন।
মঙ্গলবার (২৫ আগস্ট) সকাল ১০টায় রাজধানীর কাকরাইলে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে এ কনভেনশনের কার্যক্রম শুরু হয়। ‘ঈমান আকিদা সংরক্ষণ কমিটি’র আহ্বানে ও সার্বিক ব্যবস্থাপনায় আয়োজিত এ সম্মেলনে দেশের বিভিন্ন প্রান্ত থেকে বিপুলসংখ্যক ধর্মপ্রাণ মুসল্লি অংশ নেন। অনুষ্ঠান শুরুর আগেই নির্ধারিত হলটি কানায় কানায় পূর্ণ হয়ে যায়।
কনভেনশনে দেশের শীর্ষস্থানীয় আলেম ও ওলামা-মাশায়েখরা মঞ্চে উপস্থিত হয়ে পর্যায়ক্রমে বক্তব্য দিচ্ছেন। আয়োজকদের পক্ষ থেকে সম্মেলনের মূল লক্ষ্য হিসেবে তিনটি দাবি সামনে রাখা হয়েছে। এগুলো হলো—আহলে সুন্নাত ওয়াল জামায়াতের আকিদা-বিশ্বাস সংরক্ষণে গণসচেতনতা সৃষ্টি, ‘হিজবুত তাওহীদ’কে নিষিদ্ধ করা এবং জাতীয় সংসদে পাস হওয়া ট্রান্সজেন্ডারবান্ধব শ্রম আইন বাতিল করা।
সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে হেফাজতে ইসলাম বাংলাদেশের আমীর ও জামিয়া ইসলামিয়া আজিজুল উলুম বাবুনগরের মহাপরিচালক আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরীর।
সভাপতিত্ব করছেন হেফাজতে ইসলাম বাংলাদেশের নায়েবে আমীর ও দাওয়াতুল এহসান বাংলাদেশের আমীর মাওলানা আবদুল আউয়াল (পীর সাহেব-ডিআইটি)।
বিশেষ অতিথি হিসেবে রয়েছেন আল্লামা আবদুল হামিদ (পীর সাহেব মধুপুর), আল্লামা নূরুল ইসলাম ওলিপুরী, মুফতি মোহাম্মদ আবদুল মালেক, মাওলানা উবায়দুল্লাহ ফারুক, অধ্যক্ষ মিজানুর রহমান চৌধুরী (পীর সাহেব দেওনা), মুফতি জসিম উদ্দিন, মাওলানা শায়েখ সাজিদুর রহমান, মাওলানা খালেদ সাইফুল্লাহ সাদী এবং মাওলানা মহিউদ্দিন রব্বানী।
বিশেষ আলোচক হিসেবে বক্তব্য দেওয়ার কথা রয়েছে মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম (শায়েখে চরমোনাই) এবং পাকিস্তানের সারগোদার মারকাজ আহলুস সুন্নাহ ওয়াল জামায়াতের পরিচালক মুতাকাল্লিমে ইসলাম মাওলানা ইলিয়াস গুম্মানের।
কনভেনশনের আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করছেন মাওলানা হাবিবুল্লাহ মিয়াজী ও মুফতি সালাউদ্দীন। আয়োজকদের প্রত্যাশা, দেশের শীর্ষ আলেমদের অংশগ্রহণে এ আয়োজন আকিদা-বিশ্বাস ও ধর্মীয় মূল্যবোধ নিয়ে জনসচেতনতা তৈরিতে ভূমিকা রাখবে।
আকিদা, ওলামা, কনভেনশন