মঙ্গলবার, আগস্ট ২৫, ২০২৬

গুণী অভিনেত্রী ও গীতিকার জাহানারা ভুইঁয়ার প্রথম মৃত্যুবার্ষিকী আজ

  • এ কে আজাদ
  • ২০২৬-০৮-২৫ ০৯:১০:৫৬
ফাইল ছবি

জাহানারা ভুইঁয়া। অভিনেত্রী, গীতিকার ও চিত্রপরিচালক।
সত্তর ও আশির দশকে চলচ্চিত্রে অভিনয়ের পাশাপাশি জাহানারা ভূঁইয়া গীতিকার হিসেবেও বেশ পরিচিত ছিলেন। চলচ্চিত্রে তাঁর যাত্রা শুরু হয় গীতিকার হিসেবে। পরবর্তীতে
অভিনয়ে মনযোগী হন তিনি। সেই সময়ে একজন চরিত্রাভিনেত্রী হিসেবে বেশ জনপ্রিয়ও ছিলেন। একজন সুঅভিনেত্রী হিসেবেও ছিলেন সুপরিচিত। 
এই গুণী অভিনেত্রী ও গীতিকার জাহানারা ভুইঁয়ার প্রথম মৃত্যুবার্ষিকী আজ। তিনি ২০২৫ সালের ২৫ আগস্ট, কিডনিজনিত শারীরিক জটিলতায় দীর্ঘদিন যুক্তরাষ্ট্রের একটি হাসপাতালে চিকিৎসাধীন থাকা অবস্থায় মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭২ বছর। প্রয়াত এই গুণীজনের স্মৃতির প্রতি জানাই গভীর শ্রদ্ধা। তাঁর বিদেহী আত্মার মাগফেরাত কামনা করি। 
জাহানারা ভুইঁয়া ১৯৫৩ সালের ১৪ এপ্রিল, টাঙ্গাইল জেলার  মির্জাপুর উপজেলার, বাইমহাটী গ্রামে জন্মগ্রহণ করেন । 
তাঁর পিতার নাম আব্দুল ওয়াহাব মিয়া, মাতা জান্নাত বেগম।   
মির্জাপুর সদয় কৃষ্ণ উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি, ঢাকা আইডিয়াল কলেজ থেকে এইচএসসি, মির্জাপুর ডিগ্রি কলেজ থেকে বিএসসি পাস করেন জাহানারা ভুইঁয়া। 
জাহানারা ভুইঁয়া চলচ্চিত্রে প্রবেশ করেন গীতিকার হিসাবে ।
তাঁর স্বামী, পরিচালক সিরাজুল ইসলাম ভুইঁয়ার 'নিমাই সন্যাসী' ছবিতে প্রথম গান লিখেন। পরে তিনি আরো গান লিখেন- শ্রীমতি ৪২০, একালের নায়ক, রাজদণ্ড, সুলতানা ডাকু, সওদাগর, আবে হায়াত, প্রেমনগর, দোস্ত আমার দুশমন, স্নেহের প্রতিদান, জীবন সংসার, পারলে ঠেকাও, বাবার বাবা, শিবা গুন্ডা, খবর আছে, সুলতান, জগী ঠাকুর, কাফন ছাড়া দাফন, ভয়ংকর পরিণাম, বোবা খুনী, আজকের ক্যাডার, হটাও দুর্নীতি, জবাব দে, প্রভৃতি ছবিতে। 
গান লেখার পাশাপাশি জাহানারা ভুইঁয়া একসময় চলচ্চিত্রে অভিনয় শুরু করেন । তাঁর অভিনীত প্রথম চলচ্চিত্র 'সৎ মা', অগ্রগামী পরিচালিত ছবিটি মুক্তিপায় ১৯৮২ সালে। তিনি আরও যেসব ছবিতে অভিনয় করেছেন- তাসের ঘর, দুই পয়সার আলতা, আবে হায়াত, মহানায়ক, মেহমান, মৎস্যকুমারী, নসীব, নতুন বউ, অন্ধবধূ, রসের বাইদানী, তালাক, চন্দ্রনাথ, ভাত দে, অভাগী, আওয়ারা, মা ও ছেলে, পরিণীতা, লালু মাস্তান, আদিল, শান্তি অশান্তি, রূপসী নাগিন, ধনরত্ন, দোলা, প্রেম সোহাগী, মালামাল, মাস্তান রাজা, শিমুল পারুল, মহারানী, দলপতি, অপরাজিত নায়ক, রাজা গুন্ডা, কালিয়া, চাঁদ কুমারী চাষার ছেলে, রাগ অনুরাগ, অত্যাচার, দুশমনি, দোস্ত আমার দুশমন, প্রেম পাগল, স্বপ্নের ঠিকানা, গরীবের ওস্তাদ, অতিক্রম, আজকের ফয়সালা, জীবন সংসার, নিষ্পাপ বধূ, আলিফ লায়লা আলাদিনের আশ্চর্য প্রদীপ, চিরশত্রু, গরীবের অহংকার, ইজ্জতের লড়াই, শেষ উপহার, রংবাজ বাদশা, কঠিন বাস্তব, ভালোবাসার শত্রু, যত প্রেম তত জ্বালা, কাবুলিওয়ালা, একজন সঙ্গে ছিল, ইত্যাদি ছবিতে।  
জাহানারা ভুইঁয়া, আশিরদশকের শেষের দিকে 'সিঁদুর নিওনা মুছে' নামে একটি চলচ্চিত্র পরিচালনায় হাত দেন। সাদাকালোয় নির্মিত চলচ্চিত্রটি সেই সময়ে নানা কারণে মুক্তি দেয়া সম্ভব হয়নি। এই সময়ে এসে সেই চলচ্চিত্রটি রঙ্গীনে রূপান্তরিত করে, ডিজিটাল ফরমেটে মুক্তি দেয়ার চেষ্টা করা হচ্ছে বলে জানা যায়। 
জাহানারা ভুঁইয়া প্রায় তিন শতাধিক চলচ্চিত্রে অভিনয় করেছেন। তিনি অনেক জনপ্রিয় গান চলচ্চিত্রে উপহার দিয়েছেন । তাঁর জনপ্রিয় গানের মধ্যে- আমার প্রেমের মুকুট তুমি কপালের টিপ ওগো তুমি আমার ভালো বাসার আয়না..., নিমাই দাঁড়ারে দেখি নয়ন ভরে...., জ্বলে ঢেউ দিওনা ও প্রানোনাথ শরম রাখা দায় আমি যে গো লাজে মরি ধরি তোমার পায়..., চাকবুম চাকবুম চাঁদনী রাতে কিছু বলবো তোমায় চোখের ভাষায়... এমন সব গানসহ তিনি প্রায় দুইশত গান রচনা করেছেন ।
ব্যক্তিজীবনে জাহানারা ভূঁইয়া ১৯৭০ সালে, গীতিকার-চিত্রপরিচালক সিরাজুল ইসলাম ভুঁইয়া'র সাথে বিবাহবন্ধনে আবদ্ধ হন। তাদের মেয়ে শিরিন জাহান আঁখি এক সময় শিশুশিল্পী হিসেবে চলচ্চিত্রে অভিনয় করেছেন। ছেলে জাহিদুল ইসলাম ভুঁইয়া নয়ন আমেরিকা প্রবাসী। 
জাহানারা ভূঁইয়ার ছোট ভাই চলচ্চিত্র পরিচালক প্রয়াত আজিজ আহমেদ বাবুল । আরেক ছোট ভাই  নির্মাতা-প্রযোজক মঞ্জুর এলাহী ।


এ জাতীয় আরো খবর