রবিবার, আগস্ট ২৩, ২০২৬

সখিপুরে ক্যান্সার আক্রান্ত শিক্ষার্থীর মায়ের চিকিৎসায় প্রধানমন্ত্রীর ৫ লাখ টাকা অনুদান

  • জাহিদুল ইসলাম,
  • ২০২৬-০৮-২২ ২৩:৪৯:৩৬

সখিপুর (টাঙ্গাইল) প্রতিনিধি :
টাঙ্গাইলের সখিপুর উপজেলার বহুরিয়া ইউনিয়নের কালিদাস কলতান বিদ্যানিকেতনের ২০২৬ সালের এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থী নাঈম শিকদারের ব্লাড ক্যান্সারে আক্রান্ত মা লাইলী বেগমের চিকিৎসার জন্য প্রধানমন্ত্রীর পক্ষ থেকে ৫ লাখ টাকা আর্থিক সহায়তা দেওয়া হয়েছে। এর মধ্যে শনিবার (২২ আগস্ট) সকালে ২ লাখ টাকা পরিবারের হাতে তুলে দেওয়া হয়।
কালিদাস কলতান বিদ্যানিকেতনে আয়োজিত অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে এ অর্থ সহায়তা তুলে দেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট আহমেদ আযম খান এমপি। তিনি জানান, বাকি ৩ লাখ টাকা খুব শিগগিরই কলতান বিদ্যানিকেতনের পরিচালক মো. আমিনুল ইসলাম বাদলের কাছে হস্তান্তর করা হবে।
অনুষ্ঠানে সখিপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আশরাফুল আলম, উপজেলা বিএনপির নেতৃবৃন্দ, ডেপুটি অ্যাটর্নি জেনারেল দেওয়ান হুমায়ুন কবীর রিপন, সখিপুর-বাসাইল সার্কেলের এএসপি মোহাম্মদ আল মামুন, সখীপুর থানার ওসি মো. মুরাদ হোসেনসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। এ ছাড়া বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী ও সাংবাদিকরাও উপস্থিত ছিলেন।
সম্প্রতি নাঈম এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পর সহপাঠীরা মিষ্টি না কিনে তাঁর ক্যান্সার আক্রান্ত মায়ের চিকিৎসায় ২০ হাজার টাকা সহায়তা দেন। বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরাও আরও ২০ হাজার টাকা সহায়তা করেন। মোট ৪০ হাজার টাকার এই মানবিক সহায়তার খবর বিভিন্ন গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত হলে বিষয়টি প্রধানমন্ত্রীর নজরে আসে।
পরে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে লাইলী বেগমের চিকিৎসার জন্য ৫ লাখ টাকা সহায়তার ঘোষণা দেওয়া হয়। বর্তমানে তিনি সিরাজগঞ্জের খাজা ইউনুস আলী মেডিকেল কলেজ ও হাসপাতালে চিকিৎসাধীন।
নাঈম শিকদার বলেন, আমার মায়ের চিকিৎসার জন্য প্রধানমন্ত্রী অনুদান দিয়েছেন। এজন্য আমি তাঁর প্রতি কৃতজ্ঞ। একই সঙ্গে আমার সহপাঠী, শিক্ষক ও বিদ্যালয়ের সবার প্রতি ধন্যবাদ জানাই। আমার মায়ের সুস্থতার জন্য সবার কাছে দোয়া চাই।
সখিপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আশরাফুল আলম বলেন, সহপাঠীর মায়ের চিকিৎসায় শিক্ষার্থীদের মানবিক উদ্যোগটি প্রধানমন্ত্রীর নজরে এসেছে। এরই ধারাবাহিকতায় শনিবার সকালে নাঈমের পরিবারের হাতে চিকিৎসা অনুদান তুলে দেওয়া হয়েছে।

 


এ জাতীয় আরো খবর