মঙ্গলবার, আগস্ট ১১, ২০২৬

বাইডেনের ক্যান্সার আরও ছড়িয়েছে,জানালেন ছেলে হান্টার

  • আন্তর্জাতিক ডেস্ক
  • ২০২৬-০৮-০৯ ১১:২২:৫৫
ফাইল ছবি

সাবেক মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের ক্যান্সার আরও ছড়িয়ে পড়েছে বলে জানিয়েছেন তাঁর ছেলে হান্টার বাইডেন। বিবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি জানান, বাবার শারীরিক অবস্থা বর্তমানে বেশ কঠিন এবং রোগটি হাড়ের পাশাপাশি শরীরের অন্যান্য অংশেও ছড়িয়ে পড়েছে। 
বার্তা সংস্থা এএফপির বরাত দিয়ে এ তথ্য জানা গেছে।
২০২৫ সালের মে মাসে প্রেসিডেন্টের দায়িত্ব ছাড়ার কয়েক মাস পর বাইডেনের শরীরে আক্রমণাত্মক ধরনের প্রোস্টেট ক্যান্সার শনাক্ত হয়। পরে পরীক্ষায় তাঁর হাড়েও ক্যান্সার ছড়িয়ে পড়ার বিষয়টি জানা যায়। এরপর থেকে তিনি চিকিৎসা নিচ্ছেন। তাঁর চিকিৎসার মধ্যে রেডিয়েশন ও হরমোন থেরাপি রয়েছে।
সম্প্রতি নিজের আসন্ন স্মৃতিকথা প্রকাশের ঘোষণা দেওয়ার সময় বাইডেন জানিয়েছিলেন, তাঁর চিকিৎসা ভালোভাবেই এগোচ্ছে। তবে এবার তাঁর ছেলে হান্টারের বক্তব্যে বাবার শারীরিক অবস্থার অবনতির বিষয়টি সামনে এলো।
বিবিসির ‘নিউজ নাইট’ অনুষ্ঠানে দেওয়া সাক্ষাৎকারে হান্টার বলেন, ক্যান্সার এখন হাড় ছাড়িয়ে শরীরের অন্যান্য অংশেও ছড়িয়ে পড়েছে। রোগটি তাঁর বাবার জন্য অত্যন্ত যন্ত্রণাদায়ক হয়ে উঠেছে এবং শারীরিকভাবেও তাঁকে দুর্বল করে দিচ্ছে।
তবে শারীরিক অসুস্থতার মধ্যেও বাইডেন স্বাভাবিক জীবনযাপনের চেষ্টা করছেন বলে জানান হান্টার। তাঁর ভাষ্য, বাইডেন এখনো বাইরে যাচ্ছেন, নিজের প্রয়োজনীয় কাজ করছেন এবং যুক্তরাষ্ট্রের প্রতি তাঁর ভালোবাসা ও বিশ্বাস অটুট রয়েছে।
বাবার স্বাস্থ্য নিয়ে কথা বলার সময় হান্টার আবেগাপ্লুত হয়ে পড়েন। তিনি বলেন, বাবাকে এমন অবস্থায় দেখা তাঁর জন্য অত্যন্ত কষ্টকর।
জো বাইডেনের স্বাস্থ্য নিয়ে দীর্ঘদিন ধরেই যুক্তরাষ্ট্রের রাজনৈতিক অঙ্গনে আলোচনা ছিল। ২০২৪ সালের প্রেসিডেন্ট নির্বাচনে দ্বিতীয় মেয়াদে প্রতিদ্বন্দ্বিতা করার সিদ্ধান্ত নেওয়ার পর তাঁর বয়স ও শারীরিক সক্ষমতা নিয়ে প্রশ্ন আরও জোরালো হয়।
বিশেষ করে ২০২৪ সালের জুনে তৎকালীন প্রতিদ্বন্দ্বী ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে নির্বাচনী বিতর্কে বাইডেনের দুর্বল পারফরম্যান্সের পর ডেমোক্রেটিক পার্টির ভেতর থেকেই তাঁর প্রার্থিতা নিয়ে চাপ বাড়ে। এর পর তিনি নির্বাচনী প্রতিদ্বন্দ্বিতা থেকে সরে দাঁড়ান।
পরবর্তীতে বাইডেনের স্থলাভিষিক্ত প্রার্থী তৎকালীন ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসকে পরাজিত করে প্রেসিডেন্ট নির্বাচিত হন ডোনাল্ড ট্রাম্প।
বাইডেনের বর্তমান শারীরিক অবস্থার বিষয়ে তাঁর ছেলের বক্তব্য নতুন করে আন্তর্জাতিক গণমাধ্যমে আলোচনার জন্ম দিয়েছে।

বাইডেন, ক্যান্সার, হান্টার


এ জাতীয় আরো খবর