রবিবার, আগস্ট ২, ২০২৬

থ্যালাসেমিয়া ও বিরল রোগীদের জাতীয় ডেটাবেজ তৈরির আহ্বান ডা. জুবাইদা রহমানের

  • নিজস্ব প্রতিবেদক
  • ২০২৬-০৮-০১ ১০:১৮:৫৮
ছবি: সংগৃহীত।

দেশব্যাপী থ্যালাসেমিয়া ও জন্মগত বিরল রোগে আক্রান্ত ব্যক্তিদের সঠিক তথ্য সংরক্ষণে একটি জাতীয় ডেটাবেজ এবং নিবন্ধন ব্যবস্থা গড়ে তোলার আহ্বান জানিয়েছেন জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস প্রেসিডেন্ট ও চিকিৎসক ডা. জুবাইদা রহমান।
শুক্রবার (৩১ জুলাই) রাজধানীর রমনায় ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন বাংলাদেশের (আইইবি) মিলনায়তনে বিশ্ব রক্তদাতা দিবস উপলক্ষে বাংলাদেশ থ্যালাসেমিয়া সমিতি (বিটিএস) আয়োজিত ‘রক্তদাতা সম্মাননা ২০২৬’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।
ডা. জুবাইদা রহমান বলেন, থ্যালাসেমিয়া ও অন্যান্য জন্মগত বিরল রোগে আক্রান্ত ব্যক্তিদের তথ্যভান্ডার তৈরি এবং নিয়মিত নিবন্ধন সংরক্ষণ সময়ের দাবি। শতভাগ সুস্থ করা সম্ভব না হলেও আক্রান্ত ব্যক্তি ও তাদের পরিবারের পাশে থেকে সহমর্মিতা, পরামর্শ ও মানসিক সহায়তা নিশ্চিত করা জরুরি।
থ্যালাসেমিয়া প্রতিরোধে অন্তঃসত্ত্বা মায়েদের নিয়মিত স্ক্রিনিং পরীক্ষার ওপর গুরুত্বারোপ করে তিনি বলেন, গর্ভাবস্থাসহ যেকোনো বয়সেই পরীক্ষা-নিরীক্ষার মাধ্যমে রোগটি শনাক্ত করা সম্ভব। এ বিষয়ে জনসচেতনতা বাড়ানোর পাশাপাশি জেলা সদর হাসপাতাল, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, ইউনিয়ন ও গ্রাম পর্যায় পর্যন্ত শনাক্তকরণ কার্যক্রম বিস্তৃত করার প্রয়োজন রয়েছে।
তিনি আরও বলেন, সরকার নতুন করে যে এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ দিচ্ছে, তাদের থ্যালাসেমিয়ার লক্ষণ, চিকিৎসা, রোগী পরিচর্যা এবং পরিবারের সদস্যদের পরামর্শ দেওয়ার বিষয়ে বিশেষ প্রশিক্ষণ দেওয়া হলে রোগ ব্যবস্থাপনায় ইতিবাচক পরিবর্তন আসবে।
রোগ নির্ণয়ের পর রোগীদের চিকিৎসার সুবিধার্থে থ্যালাসেমিয়া মেজর, থ্যালাসেমিয়া মাইনর ও থ্যালাসেমিয়া ট্রেইট-এই তিন শ্রেণিতে বিভাজনের পরামর্শ দেন তিনি। তাঁর মতে, সংবেদনশীল ও সঠিক চিকিৎসাসেবা নিশ্চিত করা গেলে রোগী ও তাদের পরিবারের উদ্বেগ অনেকটাই কমানো সম্ভব।
স্বেচ্ছায় রক্তদাতাদের অবদানের প্রশংসা করে ডা. জুবাইদা রহমান বলেন, মানবতার সেবায় রক্তদাতাদের ভূমিকা অনন্য। এ সময় তিনি তাঁর কন্যা জাইমা রহমানের কথাও উল্লেখ করেন, যিনি ইতোমধ্যে সাতবার স্বেচ্ছায় রক্তদান করেছেন।
১৯৮৯ সাল থেকে থ্যালাসেমিয়া আক্রান্ত ব্যক্তি ও তাদের পরিবারের পাশে থাকার জন্য বাংলাদেশ থ্যালাসেমিয়া সমিতির সদস্যদের প্রতিও কৃতজ্ঞতা জানান তিনি।
বাংলাদেশ থ্যালাসেমিয়া সমিতির সভাপতি ইঞ্জিনিয়ার এম এ মতিনের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. আব্দুস সালাম, জিয়াউর রহমান ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক অধ্যাপক ডা. ফরহাদ হালিম ডোনারসহ বিভিন্ন ব্যক্তি বক্তব্য দেন।
অনুষ্ঠানে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ড্যাব) সভাপতি অধ্যাপক ডা. হারুন আল রশীদ, রাজউকের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মো. রিয়াজুল ইসলামসহ বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। এ সময় স্বেচ্ছায় রক্তদানকারী ব্যক্তি ও রক্তদান কার্যক্রমে অবদান রাখা বিভিন্ন প্রতিষ্ঠানকে সম্মাননা প্রদান করা হয়।

থ্যালাসেমিয়া, ডেটাবেজ, রক্তদান


এ জাতীয় আরো খবর