শুক্রবার, জুলাই ১০, ২০২৬

ইউক্রেনকে ‘প্যাট্রিয়ট’ ক্ষেপণাস্ত্র উৎপাদনের লাইসেন্স দেওয়ার ঘোষণা ট্রাম্পের

  • আন্তর্জাতিক ডেস্ক
  • ২০২৬-০৭-০৯ ১১:০৭:৩১

ইউক্রেনের আকাশ প্রতিরক্ষা সক্ষমতা জোরদারে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেশটিকে ‘প্যাট্রিয়ট’ আকাশ প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্র উৎপাদনের লাইসেন্স দেওয়ার ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ন্যাটো শীর্ষ সম্মেলনের ফাঁকে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে বৈঠকে তিনি এ সিদ্ধান্তের কথা জানান।
বার্তা সংস্থা এএফপির খবরে বলা হয়েছে, বৈঠকে ট্রাম্প জেলেনস্কিকে বলেন, আলোচনার অন্যতম বিষয় হচ্ছে ইউক্রেনকে ‘প্যাট্রিয়ট’ ক্ষেপণাস্ত্র তৈরির লাইসেন্স দেওয়া। এতে ভবিষ্যতে যুক্তরাষ্ট্র পর্যাপ্ত ক্ষেপণাস্ত্র সরবরাহ করছে না-এ ধরনের অভিযোগের অবকাশ থাকবে না।
তিনি আরও জানান, বিষয়টি এখনো সংশ্লিষ্ট প্রতিরক্ষা কোম্পানিকে আনুষ্ঠানিকভাবে জানানো হয়নি। তবে প্রয়োজনীয় প্রক্রিয়া দ্রুত সম্পন্ন করা হবে বলেও আশাবাদ ব্যক্ত করেন।
বর্তমানে যুক্তরাষ্ট্রে তৈরি ‘প্যাট্রিয়ট’ ইন্টারসেপ্টর ক্ষেপণাস্ত্রের মজুত কমে যাওয়ায় রাশিয়ার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা মোকাবিলায় ইউক্রেনকে বাড়তি চাপের মুখে পড়তে হচ্ছে।
এদিকে সাম্প্রতিক সময়ে রাশিয়া রাজধানী কিয়েভে ব্যাপক হামলা চালালেও যুদ্ধক্ষেত্রে ইউক্রেনের অবস্থান আগের তুলনায় শক্তিশালী হয়েছে বলে মন্তব্য করেন ট্রাম্প। তার মতে, ইউক্রেন শুধু সম্মুখসারিতে প্রতিরক্ষা ধরে রাখতে সক্ষম হয়নি, বরং রাশিয়ার অভ্যন্তরেও কার্যকর হামলা পরিচালনা করছে।
ট্রাম্প বলেন, ইউক্রেনের সাম্প্রতিক এসব অভিযান স্বল্পমেয়াদে উত্তেজনা বাড়ালেও শেষ পর্যন্ত যুদ্ধের অবসানের পথ তৈরি করতে পারে।
তিনি আরও দাবি করেন, ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি এবং রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন-উভয়েই সংঘাতের অবসান চান। এই বাস্তবতা ভবিষ্যতে শান্তি আলোচনার জন্য ইতিবাচক পরিবেশ সৃষ্টি করতে পারে বলেও মন্তব্য করেন মার্কিন প্রেসিডেন্ট।

ইউক্রেন,প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র,ডোনাল্ড ট্রাম্প


এ জাতীয় আরো খবর