পরের মুলুকে কাটে, সারা দিনরাত,
হাড়ভাঙা শ্রমে কাটে, জীবন আমার।
দিনে রাতে খেটে যায়, এই দুটি হাত,
তবুও মিলে না সুখ, দু'চোখে আঁধার।
অসুখে শিয়রে এসে, বসে না তো কেউ,
একাকী ঘরের কোণে, কাটে বিভাবরী।
বুকের গভীরে জাগে, যাতনার ঢেউ,
কষ্টের সাগরে একা, ডুবে যায় তরি।
পরিবার সুখে থাক, এই শুধু আশা,
সে আশাতে কেটে যায়, জীবনের কাল।
এখানে মেলে না কোনো, চেনা ভালোবাসা,
ভাঙ্গা বুকে টেনে যাই, কষ্টের এ হাল।
সবাই তো খোঁজে শুধু, টাকার হিসাব,
কেউ তো বোঝে না বুকে, কত যে আজাব।