বুধবার, জুলাই ১, ২০২৬

এ স এ ম আ জা দ হো সে ন

  • সব হারিয়েও...
  • ২০২৬-০৬-৩০ ১৫:২৯:৪৮

সব হারানো মানুষ
আসলে হেরে যায় না।
কিছু মানুষ সব হারিয়ে শিখে যায়-
কাকে বিশ্বাস করতে হয়,
আর কাকে শুধু দূর থেকে চিনে রাখাই যথেষ্ট।

যে চোখ অশ্রুর ভাষা শিখে যায়,
সে চোখকে পৃথিবীর কোনো ঝড়
আর ভয় দেখাতে পারে না।
কারণ বারবার ভেঙে পড়া মানুষই জানে,
মাটি ছুঁয়েও আবার উঠে দাঁড়ানোর কৌশল।

জীবন অনেক কিছু কেড়ে নেয়-
প্রিয় মানুষ,অগাধ বিশ্বাস,
অপেক্ষার দীর্ঘ বিকেল,
আর কিছু রঙিন স্বপ্ন।
কিন্তু বিনিময়ে দিয়ে যায়
একটি নির্মম সত্য—
সবাই আপন নয়,
সব হাসির আড়ালে শুভকামনা লুকিয়ে থাকে না।

যারা একদিন নিঃস্ব হয়ে যায়,
তারা আর সম্পদের অহংকারে বাঁচে না;
তারা মানুষকে পড়তে শেখে,
নীরবতাকে বুঝতে শেখে,
আর নিজের ভাঙা বুকের ওপর দাঁড়িয়ে
নতুন সাহসের ঘর বানায়।

একসময় যে মানুষটি
অন্যের হাত ধরে পথ চলতে চাইত,
সে-ই একদিন বুঝে যায়-
নিজের ছায়াটাই
সবচেয়ে বিশ্বস্ত সঙ্গী।

তাই আজ আর হারানোর ভয় নেই।
যার হারানোর সব শেষ,
তার কাছে প্রতিটি নতুন সকালই
একটি নতুন প্রাপ্তি।

কারণ জীবন আমাকে জিততে শেখায়নি,
শিখিয়েছে-
ভেঙে পড়েও কীভাবে মাথা উঁচু করে বাঁচতে হয়।

আর সেই মানুষটিই
সবচেয়ে ধনী,
যে সব হারিয়েও
নিজের বিবেক, মানবিকতা
আর সত্যকে হারায়নি।


এ জাতীয় আরো খবর