বিশ্বকাপ ইতিহাসে নতুন এক মাইলফলক গড়লেন লিওনেল মেসি। অস্ট্রিয়ার বিপক্ষে জোড়া গোল করে বিশ্বকাপে সর্বাধিক গোলদাতার আসনে এককভাবে উঠে এসেছেন আর্জেন্টিনার অধিনায়ক।
ডালাসে অনুষ্ঠিত ম্যাচে ৩৮তম মিনিটে জালের দেখা পেয়ে তিনি জার্মান কিংবদন্তি মিরোস্লাভ ক্লোসার ১৬ গোলের রেকর্ড অতিক্রম করেন। এরপর যোগ করা সময়ে আরও একটি গোল করে নিজের নামের পাশে যোগ করেন নতুন অধ্যায়। বর্তমানে বিশ্বকাপে তার গোলসংখ্যা দাঁড়িয়েছে ১৮।
তবে ম্যাচের শুরুতেই আরও একটি গোলের সুযোগ পেয়েছিলেন মেসি। নবম মিনিটে পাওয়া পেনাল্টি থেকে লক্ষ্যভেদ করতে ব্যর্থ হন ৩৮ বছর বয়সী এই ফরোয়ার্ড।
বিশ্বকাপের প্রথম ম্যাচেও আলো ছড়িয়েছিলেন মেসি। আলজেরিয়ার বিপক্ষে আর্জেন্টিনার ৩-০ গোলের জয়ে হ্যাটট্রিক করে তিনি ক্লোসার রেকর্ড স্পর্শ করেছিলেন। অস্ট্রিয়ার বিপক্ষে জোড়া গোলে সেই রেকর্ড এখন এককভাবে নিজের করে নিয়েছেন।
২০০৬ সালে বিশ্বকাপে অভিষেক হওয়ার পর এবার ষষ্ঠবারের মতো ফুটবলের সবচেয়ে বড় আসরে অংশ নিচ্ছেন মেসি। দীর্ঘ দুই দশকের ক্যারিয়ারে বিশ্বকাপে তার গোলসংখ্যা এখন ১৮। অন্যদিকে আর্জেন্টিনার জার্সিতে ২০১ আন্তর্জাতিক ম্যাচে তার গোল দাঁড়িয়েছে ১২২টি।
মেসির নেতৃত্বে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা এবারও শিরোপার অন্যতম দাবিদার। ১৯৬২ সালে ব্রাজিলের গড়া টানা দুই বিশ্বকাপ জয়ের কীর্তি স্পর্শ করার স্বপ্ন দেখছে আকাশি-সাদা শিবির।
বিশ্বকাপের সর্বোচ্চ গোলদাতাদের তালিকা
১৮ গোল : লিওনেল মেসি (আর্জেন্টিনা)
১৬ গোল : মিরোস্লাভ ক্লোসা (জার্মানি)
১৫ গোল : রোনালদো (ব্রাজিল)
১৪ গোল : গার্ড মুলার (জার্মানি), কিলিয়ান এমবাপ্পে (ফ্রান্স)
১৩ গোল : জাস্ট ফন্টেইন (ফ্রান্স)
১২ গোল : পেলে (ব্রাজিল)
১১ গোল : জার্গেন ক্লিন্সমান (জার্মানি), সান্দোর কোসিস (হাঙ্গেরি)
১০ গোল : গ্যাব্রিয়েল বাতিস্তুতা (আর্জেন্টিনা), হ্যারি কেন (ইংল্যান্ড)
মেসি, বিশ্বকাপ, গোলরেকর্ড