বাংলাদেশ ও মালয়েশিয়ার সম্পর্ককে আরও বিস্তৃত ও কার্যকর করার লক্ষ্যে দুই দেশের প্রধানমন্ত্রীর মধ্যে গুরুত্বপূর্ণ দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৈঠকে শ্রমবাজার, বাণিজ্য, বিনিয়োগ, আঞ্চলিক সহযোগিতা এবং রোহিঙ্গা সংকটসহ বিভিন্ন বিষয়ে বিস্তারিত আলোচনা হয়েছে।
সোমবার স্থানীয় সময় সকাল সাড়ে ১০টায় মালয়েশিয়ার প্রশাসনিক রাজধানী পুত্রজায়ায় অবস্থিত প্রধানমন্ত্রীর কার্যালয় ‘পেরদানা পুত্রা’ ভবনে প্রধানমন্ত্রী তারেক রহমান ও মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের নেতৃত্বে এ বৈঠক অনুষ্ঠিত হয়।
প্রথমে দুই সরকারপ্রধানের মধ্যে একান্ত আলোচনা অনুষ্ঠিত হয়। পরে উভয় দেশের প্রতিনিধি পর্যায়ের বৈঠকে দ্বিপাক্ষিক সম্পর্কের বর্তমান অবস্থা পর্যালোচনার পাশাপাশি আঞ্চলিক ও আন্তর্জাতিক বিভিন্ন বিষয়ে মতবিনিময় করা হয়।
আলোচনায় বিশেষ গুরুত্ব পায় মালয়েশিয়ার শ্রমবাজারে বাংলাদেশি কর্মীদের পুনঃপ্রবেশের সুযোগ সম্প্রসারণ, বিভিন্ন কারণে অনিয়মিত হয়ে পড়া বাংলাদেশিদের বৈধতা প্রদান ও কর্মঅনুমতির নবায়ন। এছাড়া বাংলাদেশের আম, ফলমূল ও কৃষিপণ্যের জন্য মালয়েশিয়ার বাজারে অধিক প্রবেশাধিকার নিশ্চিত করার বিষয়ও আলোচনায় উঠে আসে।
বৈঠকে দক্ষিণ-পূর্ব এশীয় আঞ্চলিক সহযোগিতা কাঠামোর সঙ্গে বাংলাদেশের সম্পৃক্ততা বৃদ্ধির বিষয়েও আলোচনা হয়। আসিয়ানের সেক্টরাল সংলাপ অংশীদার হওয়ার বাংলাদেশের আবেদন এবং আঞ্চলিক অর্থনৈতিক অংশীদারত্ব ব্যবস্থায় যুক্ত হওয়ার সম্ভাবনাও গুরুত্বের সঙ্গে বিবেচিত হয়।
রোহিঙ্গা সংকটের টেকসই সমাধান এবং জাতিসংঘসহ বিভিন্ন বহুপাক্ষিক মঞ্চে পারস্পরিক সহযোগিতা অব্যাহত রাখার বিষয়ে দুই দেশ একমত হয়।
বৈঠক শেষে দুই প্রধানমন্ত্রীর উপস্থিতিতে সংস্কৃতি খাতে সহযোগিতা সংক্রান্ত একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। একইসঙ্গে সন্ত্রাসবাদ প্রতিরোধে গবেষণা ও সক্ষমতা উন্নয়ন এবং বিনিয়োগ সহযোগিতা বিষয়ে দুটি পৃথক দলিল বিনিময় করা হয়। দুই দেশের পররাষ্ট্রমন্ত্রীরা এসব দলিল আনুষ্ঠানিকভাবে বিনিময় করেন।
পরে প্রধানমন্ত্রী তারেক রহমান ও প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম যৌথ সংবাদ সম্মেলনে অংশ নিয়ে বৈঠকের বিভিন্ন দিক তুলে ধরেন।
সংবাদ সম্মেলন শেষে মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর বাসভবনে আয়োজিত মধ্যাহ্নভোজে অংশ নেন প্রধানমন্ত্রী তারেক রহমান, তাঁর সহধর্মিণী ডা. জুবাইদা রহমান এবং সফরসঙ্গীরা। অনুষ্ঠানে মালয় ও বাংলা ভাষার গানসহ সাংস্কৃতিক পরিবেশনার আয়োজন করা হয়।
মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর আমন্ত্রণে রোববার রাতে কুয়ালালামপুরে পৌঁছান প্রধানমন্ত্রী তারেক রহমান। বিমানবন্দরে তাঁকে রাষ্ট্রীয় মর্যাদায় লালগালিচা সংবর্ধনা দেওয়া হয়।
উল্লেখ্য, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর গত ১৭ ফেব্রুয়ারি প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করেন তারেক রহমান। দায়িত্ব গ্রহণের পর এটিই তাঁর প্রথম রাষ্ট্রীয় বিদেশ সফর।
তারেক রহমান, মালয়েশিয়া সফর, আনোয়ার ইব্রাহিম, দ্বিপাক্ষিক বৈঠক, বাংলাদেশ-মালয়েশিয়া সম্পর্ক