যশোরের চৌগাছা উপজেলার সুখপুকুরিয়া ইউনিয়নের নগরবর্ণী গুবিনাথপুর গ্রামের অসহায় বিধবা নারী মোছাঃ রহিমা খাতুনের ঘর মেরামতের জন্য ডেউটিন প্রদান করেছে সমাজসেবা অধিদপ্তর কর্তৃক নিবন্ধিত অরাজনৈতিক সামাজিক ও সেবামূলক সংগঠন চৌগাছা পরিবার স্বেচ্ছাসেবী সংগঠন। মঙ্গলবার (২৩ জুন) সকালে সংগঠনের নেতৃবৃন্দ রহিমা খাতুনের বাড়িতে গিয়ে তার হাতে ৫ হাজার ৭৫০ টাকা মূল্যের ডেউটিন তুলে দেন। এ সময় সংগঠনের সদস্যরা উপস্থিত থেকে ঘর মেরামতের কাজে সার্বিক সহযোগিতার আশ্বাস দেন।
জানা যায়, প্রায় এক বছর আগে রহিমা খাতুনের স্বামী নুর মোহাম্মদ মারা যান। তার কোনো পুত্র সন্তান নেই। দুই মেয়ে বিবাহিত হয়ে নিজ নিজ পরিবারে বসবাস করছেন। বর্তমানে তিনি একাই বসবাস করছেন। আর্থিক অসচ্ছলতার কারণে দীর্ঘদিন ধরে একটি জরাজীর্ণ ঘরে মানবেতর জীবনযাপন করছিলেন। ঘরের চালা নষ্ট হয়ে যাওয়ায় বৃষ্টির সময় ঘরের ভেতরে পানি পড়তো, ফলে তাকে চরম দুর্ভোগ পোহাতে হতো। বিষয়টি জানতে পেরে মানবিক সহায়তার উদ্যোগ নেয় চৌগাছা পরিবার স্বেচ্ছাসেবী সংগঠন।
সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি মোঃ বখতিয়ার হোসেনের আহ্বানে দেশ ও প্রবাসে অবস্থানরত সদস্যদের সহযোগিতায় ডেউটিন সংগ্রহ করে অসহায় এই নারীর হাতে তুলে দেওয়া হয়। ডেউটিন প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংগঠনের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মোঃ কামরুল হাসান, কেন্দ্রীয় কোষাধক্ষ্য মোঃ আছির উদ্দিন, দীপ্ত বিশ্বাস, সংগঠনের নারায়ণপুর ইউনিয়ন শাখার সভাপতি মোঃ রাকিবুল ইসলাম রনি, নারায়ণপুর ইউনিয়ন শাখার সাধারণ সম্পাদক মোঃ জাহাঙ্গীর আলম, সংগঠনের আজীবন দাতা সদস্য মোঃ সুমন আহম্মেদ, মোঃ সুলতান মাহমুদ রনি, রেদুয়ান আহম্মেদ রিয়াদ, মোঃ শামিম হাসান, মোঃ রাজু আহম্মেদসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ। উল্লেখ্য “বিপন্ন মানবতায় প্রবাসীর জয়” স্লোগানকে ধারণ করে সমাজসেবা অধিদপ্তর কর্তৃক নিবন্ধিত চৌগাছা পরিবার স্বেচ্ছাসেবী সংগঠন দীর্ঘদিন ধরে অসহায়, দরিদ্র, প্রতিবন্ধী ও সুবিধাবঞ্চিত মানুষের কল্যাণে বিভিন্ন মানবিক কার্যক্রম পরিচালনা করে আসছে।