কুয়েট, খুলনা, ২৩ জুন ২০২৬: খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট)-এর শিক্ষার্থীদের আবাসন, নিরাপত্তা ও সার্বিক কল্যাণ-সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসনের উদ্যোগে এক গুরুত্বপূর্ণ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৩ জুন) বিকেলে কুয়েটের প্রশাসনিক ভবনের সভাকক্ষে অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের মাননীয় ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মুহাম্মদ মাছুদ। সভাপতির বক্তব্যে তিনি শিক্ষার্থীদের জন্য নিরাপদ, সহায়ক ও ইতিবাচক আবাসিক পরিবেশ নিশ্চিত করতে বিশ্ববিদ্যালয় প্রশাসন, বাড়ির মালিক এবং স্থানীয় প্রশাসনের সমন্বিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করেন। তিনি শিক্ষার্থীদের স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে সকল পক্ষকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান।
সভায় বিশ্ববিদ্যালয়ের সায়েন্স অ্যান্ড হিউম্যানিটিজ অনুষদের ডীন ও নিরাপত্তা কমিটির চেয়ারম্যান প্রফেসর ড. মোহাম্মদ আবু ইউসুফ, রেজিস্ট্রার প্রকৌশলী মো. আনিছুর রহমান ভূঞা, পরিচালক (ছাত্রকল্যাণ) প্রফেসর ড. মো. হাসান আলীসহ বিশ্ববিদ্যালয়ের আশপাশের ফুলবাড়ীগেট, খানাবাড়ী, তেলিগাতী, মহেশ্বরপাশা ও যোগীপোল এলাকার শিক্ষার্থীদের আবাসনের জন্য ভাড়া প্রদানকারী বাড়ির মালিকবৃন্দ এবং স্থানীয় জনপ্রতিনিধিগণ অংশগ্রহণ করেন। এছাড়া খানজাহান আলী, দৌলতপুর ও আড়ংঘাটা থানার অফিসার ইন-চার্জগণ এবং বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা ও প্রশাসনিক দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।
মতবিনিময় সভায় শিক্ষার্থীদের নিরাপদ ও সুষ্ঠু আবাসন নিশ্চিতকরণ, বিশ্ববিদ্যালয় ও স্থানীয় প্রশাসনের মধ্যে সমন্বয় বৃদ্ধি, শিক্ষার্থীদের বিভিন্ন সমস্যা দ্রুত সমাধান এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে করণীয় বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। উপস্থিত বাড়ির মালিক ও আইনশৃঙ্খলা বাহিনীর প্রতিনিধিরা শিক্ষার্থীদের নিরাপত্তা ও কল্যাণে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস প্রদান করেন।
সভা শেষে অংশগ্রহণকারীরা শিক্ষার্থীদের সার্বিক কল্যাণে ভবিষ্যতেও পারস্পরিক সহযোগিতা অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন।