বুধবার, জুন ২৪, ২০২৬

কেপ ভার্দের চমক অব্যাহত,উরুগুয়েকে রুখে শেষ ৩২-এর স্বপ্ন আরও উজ্জ্বল

  • স্পোর্টস ডেস্ক
  • ২০২৬-০৬-২২ ১১:৪৪:১০
ছবি: সংগৃহীত।

বিশ্বকাপে নিজেদের অভিষেক আসরেই একের পর এক চমক দেখিয়ে যাচ্ছে কেপ ভার্দে। স্পেনকে গোলশূন্য ড্রয়ে আটকে দেওয়ার পর এবার দুইবারের বিশ্বচ্যাম্পিয়ন উরুগুয়ের বিপক্ষেও ২-২ গোলের সমতা নিয়ে মাঠ ছেড়েছে আফ্রিকার দেশটি। ফলে নকআউট পর্বে খেলার স্বপ্ন এখন আর কেবল কল্পনা নয়, বাস্তব সম্ভাবনায় পরিণত হয়েছে।
মিয়ামিতে অনুষ্ঠিত গ্রুপ-এইচের ম্যাচে শুরু থেকেই আত্মবিশ্বাসী ফুটবল উপহার দেয় কেপ ভার্দে। ম্যাচের ২১তম মিনিটে কেইন পিনার অসাধারণ এক ফ্রি-কিকে এগিয়ে যায় তারা। দূরপাল্লার শটে উরুগুয়ের অভিজ্ঞ গোলরক্ষক ফার্নান্দো মুসলেরাকে পরাস্ত করে গ্যালারিতে উচ্ছ্বাস ছড়িয়ে দেন পিনা।
গোল হজমের পর আক্রমণের গতি বাড়ায় উরুগুয়ে। দীর্ঘ সময় চেষ্টার পর প্রথমার্ধের শেষভাগে সমতায় ফেরে লাতিন আমেরিকার দলটি। ৪৪তম মিনিটে রদ্রিগো বেনতানকুরের প্রচেষ্টা প্রতিহত হলেও ফিরতি বলে ম্যাক্সিমিলিয়ানো আরাউজো গোল করে ম্যাচে সমতা আনেন।
প্রথমার্ধের অতিরিক্ত সময়ে উরুগুয়ে আরও এক ধাপ এগিয়ে যায়। আরাউজোর হেড থেকে আসা বল দুর্দান্ত ভলিতে জালে পাঠিয়ে দলকে ২-১ ব্যবধানে এগিয়ে দেন অগাস্টিন কানোবিও।
বিরতির পর ম্যাচের নিয়ন্ত্রণ অনেকটাই নিজেদের হাতে নেয় উরুগুয়ে। তবে সুযোগ কাজে লাগাতে ব্যর্থ হওয়ায় তাদের ভুগতে হয়। ৬১তম মিনিটে গোলরক্ষক মুসলেরার অপ্রত্যাশিত ভুলে ম্যাচে ফিরে আসে কেপ ভার্দে। বদলি খেলোয়াড় হেলিও ভারেলা ফাঁকা জালে বল পাঠিয়ে সমতা ফেরান।
এরপর দুই দলই জয়ের জন্য মরিয়া চেষ্টা চালালেও আর গোলের দেখা মেলেনি। শেষ দিকে ফেদেরিকো ভালভার্দের একটি ফ্রি-কিক অল্পের জন্য লক্ষ্যভ্রষ্ট হলে হতাশাই সঙ্গী হয় উরুগুয়ের।
এই ড্রয়ের ফলে দুই ম্যাচে দুই পয়েন্ট নিয়ে কেপ ভার্দে তাদের নকআউট স্বপ্ন অক্ষুণ্ণ রেখেছে। আগামী শনিবার গ্রুপের শেষ ম্যাচে সৌদি আরবকে হারাতে পারলেই শেষ ৩২-এ জায়গা নিশ্চিত হবে তাদের।
অন্যদিকে টানা দ্বিতীয় ম্যাচেও জয় না পাওয়ায় চাপ বেড়েছে উরুগুয়ের ওপর। প্রথম ম্যাচে সৌদি আরবের সঙ্গে ড্র করার পর এবার কেপ ভার্দের বিপক্ষেও পূর্ণ তিন পয়েন্ট হাতছাড়া করল তারা। ফলে পরবর্তী পর্বে যেতে হলে গ্রুপের শেষ ম্যাচে ইউরোপের বর্তমান চ্যাম্পিয়ন স্পেনের বিপক্ষে ইতিবাচক ফল পেতেই হবে উরুগুয়েকে।
দুই ম্যাচ শেষে চার পয়েন্ট নিয়ে গ্রুপের শীর্ষে রয়েছে স্পেন। সমান দুই পয়েন্ট নিয়ে গোল ব্যবধানে দ্বিতীয় স্থানে উরুগুয়ে এবং তৃতীয় স্থানে কেপ ভার্দে। শেষ রাউন্ডের ম্যাচগুলোই এখন নির্ধারণ করবে কারা জায়গা করে নেবে নকআউট পর্বে।

কেপ ভার্দে, উরুগুয়ে, বিশ্বকাপ


এ জাতীয় আরো খবর