বুধবার, জুন ২৪, ২০২৬

পেরদানা পুত্রায় তারেক-আনোয়ার বৈঠক,সহযোগিতার নতুন দিগন্তের প্রত্যাশা

  • আন্তর্জাতিক ডেস্ক
  • ২০২৬-০৬-২২ ১০:৪৬:৪৬
ছবি: সংগৃহীত।

মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে আনুষ্ঠানিক বৈঠকে বসেছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান। দুই দেশের সম্পর্ককে আরও গভীর ও বহুমাত্রিক করার লক্ষ্যেই এ বৈঠক অনুষ্ঠিত হচ্ছে।
সোমবার স্থানীয় সময় সকাল সাড়ে ৯টায় মালয়েশিয়ার প্রশাসনিক রাজধানী পুত্রজায়ায় অবস্থিত প্রধানমন্ত্রীর কার্যালয় ‘পেরদানা পুত্রা’ ভবনের পঞ্চম তলায় দুই নেতা প্রথমে একান্ত বৈঠকে অংশ নেন। বৈঠকের আগে পরিদর্শন বইয়ে স্বাক্ষর করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
একান্ত আলোচনার পর শুরু হয় দুই দেশের প্রতিনিধিদল পর্যায়ের বৈঠক। এতে বাংলাদেশ ও মালয়েশিয়ার প্রধানমন্ত্রী নিজ নিজ প্রতিনিধি দলের নেতৃত্ব দেন।
বাংলাদেশের পক্ষে বৈঠকে অংশ নেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান, বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী, জ্বালানি ও বিদ্যুৎ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত,পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির, অর্থ উপদেষ্টা রাশেদ মাহমুদ তিতুমীর, শিক্ষা বিষয়ক উপদেষ্টা মাহাদী আমিন,পররাষ্ট্র সচিব আসাদ আল সিয়ামসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা।
পররাষ্ট্র সচিবের তথ্য অনুযায়ী, বৈঠকে বাণিজ্য ও বিনিয়োগ বৃদ্ধি, জ্বালানি খাতে অংশীদারিত্ব, হালাল অর্থনীতির বিকাশ, দক্ষ জনশক্তি নিয়োগ, অর্ধপরিবাহী প্রযুক্তি শিল্প, কৃষি, শিক্ষা এবং জনগণের পারস্পরিক যোগাযোগ সম্প্রসারণসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে।
দ্বিপক্ষীয় বৈঠক শেষে দুই দেশের প্রধানমন্ত্রী যৌথ সংবাদ সম্মেলনে অংশ নেবেন এবং আলোচনার ফলাফল তুলে ধরবেন।
পরে মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সরকারি বাসভবনে আয়োজিত মধ্যাহ্নভোজে অংশ নেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান, তাঁর সহধর্মিণী ডা. জুবাইদা রহমান এবং সফরসঙ্গীরা।
অনুষ্ঠানের সাংস্কৃতিক পর্বে মালয়েশিয়ার খ্যাতিমান শিল্পীরা বাংলা ও মালয় ভাষায় গান পরিবেশন করবেন বলে জানা গেছে।

তারেক রহমান, মালয়েশিয়া সফর, দ্বিপক্ষীয় বৈঠক


এ জাতীয় আরো খবর