বৃহস্পতিবার, জুন ২৫, ২০২৬

বিশ্বকাপে প্রথম জয়ের স্বাদ পেল মিশর,টিকে থাকল শেষ ষোলোর আশা

  • স্পোর্টস ডেস্ক
  • ২০২৬-০৬-২২ ১১:৩৭:১৫
ছবি: সংগৃহীত।

বিশ্বকাপের মঞ্চে অবশেষে জয়ের আনন্দে ভাসলো মিশর। নিউজিল্যান্ডকে ৩-১ গোলে হারিয়ে বিশ্বকাপ ইতিহাসে নিজেদের প্রথম জয় তুলে নিয়েছে আফ্রিকার দেশটি। একই সঙ্গে প্রথমবারের মতো নকআউট পর্বে জায়গা করে নেওয়ার স্বপ্নও আরও উজ্জ্বল হয়েছে তাদের সামনে।
ভ্যাঙ্কুভারে অনুষ্ঠিত গ্রুপ-জি’র গুরুত্বপূর্ণ ম্যাচে শুরুটা অবশ্য মিশরের পক্ষে ছিল না। ম্যাচের ১৫তম মিনিটে ফিন সারমানের দুর্দান্ত হেডে এগিয়ে যায় নিউজিল্যান্ড। গোল হজমের পর কিছুটা চাপে পড়লেও ধীরে ধীরে খেলায় ফেরে মিশর।
প্রথমার্ধে একাধিক আক্রমণ গড়েও সমতা ফেরাতে পারেনি তারা। তবে বিরতির পর বদলে যায় ম্যাচের চিত্র। ৫৮তম মিনিটে মোহাম্মদ হানির নিখুঁত ক্রস থেকে মোস্তফা জিকো গোল করে সমতায় ফেরান দলকে। সেই গোলেই নতুন করে আত্মবিশ্বাস ফিরে পায় মিশরীয়রা।
সমতায় ফেরার মাত্র নয় মিনিট পরই ম্যাচের নিয়ন্ত্রণ নিজেদের হাতে তুলে নেয় মিশর। জিকোর সঙ্গে দারুণ বোঝাপড়ার ফল হিসেবে বাঁ-পায়ের চমৎকার বাঁকানো শটে জাল খুঁজে নেন অধিনায়ক মোহাম্মদ সালাহ। তার গোলেই ২-১ ব্যবধানে এগিয়ে যায় উত্তর আফ্রিকার প্রতিনিধিরা।
এরপর ম্যাচের ৮২তম মিনিটে ট্রেজেগুয়ের হেডে আসে মিশরের তৃতীয় গোল। সেই গোলেই কার্যত নিশ্চিত হয়ে যায় দলের ঐতিহাসিক জয়।
এই সাফল্যের ফলে দুই ম্যাচে চার পয়েন্ট নিয়ে গ্রুপ-জি’র শীর্ষে উঠে এসেছে মিশর। আগামী শুক্রবার সিয়াটলে ইরানের বিপক্ষে শেষ ম্যাচে ড্র করলেই নিশ্চিত হবে শেষ ৩২-এ তাদের জায়গা।
ম্যাচ শেষে উচ্ছ্বসিত সালাহ বলেন, এই জয় ভবিষ্যতে মিশরের ফুটবল ইতিহাসের অন্যতম স্মরণীয় অর্জন হিসেবে বিবেচিত হবে। একই সঙ্গে তিনি গ্যালারিতে উপস্থিত বিপুলসংখ্যক মিশরীয় সমর্থকদের প্রশংসা করে জানান, তাদের সমর্থনে মনে হয়েছে যেন দলটি নিজের দেশেই খেলছে।
গ্রুপের অন্য ম্যাচে বেলজিয়াম ও ইরান গোলশূন্য ড্র করায় মিশরের অবস্থান আরও শক্ত হয়েছে। অন্যদিকে টানা দ্বিতীয় হারের ফলে কঠিন সমীকরণের মুখে পড়েছে নিউজিল্যান্ড। শেষ ম্যাচে তাদের প্রতিপক্ষ বেলজিয়াম।
এখন নকআউট পর্বের দরজায় দাঁড়িয়ে মিশর। ইতিহাস গড়ার স্বপ্ন পূরণে আর মাত্র এক ধাপ দূরে সালাহদের দল।

মিশর,সালাহ,বিশ্বকাপ


এ জাতীয় আরো খবর