সোমবার, জুন ১৫, ২০২৬

রাহির ডায়েরি-১

  • এস এম আজাদ হোসেন
  • ২০২৬-০৬-১৪ ১২:৩০:১৮
ফাইল ছবি

আমার প্রথম গাছ
আজ আমি খুব পুরোনো একটা কথা লিখছি।
তখন আমি আরো ছোট।
একদিন স্কুল থেকে ফিরে দেখলাম,বাবা হাতে একটি ছোট্ট আমগাছের চারা নিয়ে দাঁড়িয়ে আছেন।
আমি জিজ্ঞেস করলাম,
-বাবা,এটা কি?
বাবা হেসে বললেন,
-এটা একটি ভবিষ্যৎ আমগাছ।
আমি অবাক হয়ে গেলাম।
এত ছোট্ট একটা চারা আবার গাছ হবে কীভাবে?
সেদিন বিকেলে আমরা দুজন মিলে উঠোনের এক কোণে চারাটি লাগালাম। আমি ছোট্ট একটি মগে করে পানি এনে তার গোড়ায় ঢেলে দিলাম।
পরদিন ঘুম থেকে উঠে প্রথমেই দৌড়ে গিয়েছিলাম চারাটাকে দেখতে।
চারাটি ঠিক আগের মতোই ছিল।
আমি একটু মন খারাপ করে বাবাকে বললাম,
-গাছটা বড় হচ্ছে না কেন?
বাবা আমার মাথায় হাত রেখে বললেন,
-ভালো কাজের ফল পেতে সময় লাগে,রাহি।
তারপর থেকে প্রতিদিন আমি চারাটিকে পানি দিতাম।
অনেক দিন কেটে গেল।
একদিন হঠাৎ খেয়াল করলাম,চারাটির মাথায় নতুন সবুজ পাতা এসেছে।
সেদিন আমার মনে হয়েছিল,পৃথিবীর সবচেয়ে সুন্দর উপহার বুঝি ওই ছোট্ট পাতাটাই।
আজ সেই গাছটি অনেক বড় হয়েছে।
গরমের দিনে তার ছায়ায় দাঁড়ালে মনে হয়,সে যেন আমাকে চিনে ফেলেছে।
হয়তো গাছেরা কথা বলতে পারে না।
তবু তারা মনে রাখে,কে তাদের ভালোবেসেছিল।

তোমরা কি কখনো নিজের হাতে কোনো গাছ লাগিয়েছ?
লাগিয়ে থাকলে গাছটির নাম মন্তব্যে লিখো।

-রাহি 


এ জাতীয় আরো খবর