প্রবীণ নাগরিকদের সামাজিক নিরাপত্তা, আর্থিক সুরক্ষা, স্বাস্থ্যসেবা ও সম্মানজনক জীবন নিশ্চিত করতে সরকার বিভিন্ন কর্মপরিকল্পনা বাস্তবায়ন করছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
৩৬তম আন্তর্জাতিক প্রবীণ দিবস ২০২৬ উপলক্ষে দেওয়া এক বাণীতে তিনি এ কথা জানান। আজ ১ অক্টোবর পালিত হচ্ছে আন্তর্জাতিক প্রবীণ দিবস। এবারের প্রতিপাদ্য-দীর্ঘায়ুর যুগ: দীর্ঘ জীবন নিশ্চিত করতে ব্যবস্থাপনায় নতুন ভাবনা।
বাণীতে প্রধানমন্ত্রী বলেন, স্বাস্থ্যসচেতনতা বৃদ্ধি এবং চিকিৎসাবিজ্ঞানের অগ্রগতির ফলে বিশ্বজুড়ে মানুষের গড় আয়ু বাড়ছে। দীর্ঘ জীবন মানুষের সামনে নতুন সম্ভাবনা তৈরি করলেও এর সঙ্গে প্রবীণদের জন্য স্বাস্থ্যসেবা, সামাজিক সুরক্ষা ও পারিবারিক সহায়তার ব্যবস্থা আরও যুগোপযোগী করার প্রয়োজনীয়তাও বাড়ছে।
প্রধানমন্ত্রী জানান, নির্বাচনি অঙ্গীকারে ঘোষিত কল্যাণমুখী রাষ্ট্রের ধারণাকে সামনে রেখে দরিদ্র ও ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর সামাজিক সুরক্ষা জোরদারে সরকার কাজ করছে। প্রবীণ নাগরিকদের অবহেলার পরিবর্তে তাঁদের সুস্বাস্থ্য নিশ্চিত করা এবং সামাজিক কর্মকাণ্ডে সক্রিয় রাখার বিষয়েও সরকার গুরুত্ব দিচ্ছে।
প্রবীণদের আর্থিক ও সামাজিক নিরাপত্তা প্রসঙ্গে তিনি বলেন, বয়স্ক ভাতার পরিমাণ বাড়ানোর পাশাপাশি এর আওতাভুক্ত মানুষের সংখ্যাও সম্প্রসারণ করা হয়েছে। একই সঙ্গে সরকারের অন্যতম নির্বাচনি অঙ্গীকার ফ্যামিলি কার্ডের মাধ্যমে আর্থিক সহায়তা, প্রাথমিক স্বাস্থ্যসেবার বিস্তার এবং সামাজিক নিরাপত্তাবেষ্টনী আরও শক্তিশালী করার উদ্যোগ এগিয়ে নেওয়া হচ্ছে।
প্রবীণদের পরিবার ও সমাজের গুরুত্বপূর্ণ ভিত্তি হিসেবে উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, তাঁদের দীর্ঘ জীবনের ত্যাগ, অভিজ্ঞতা ও প্রজ্ঞার ওপর ভর করেই বর্তমান বাংলাদেশ গড়ে উঠেছে। ফলে ন্যায়ভিত্তিক, মানবিক ও কল্যাণমূলক রাষ্ট্র নির্মাণে প্রবীণদের প্রতি দায়িত্বশীল ও যত্নশীল দৃষ্টিভঙ্গি অপরিহার্য।
তিনি বলেন,পরিবার,সমাজ ও রাষ্ট্র-সব ক্ষেত্রেই প্রবীণদের প্রতি সম্মান, সহমর্মিতা ও দায়িত্ববোধের চর্চা অব্যাহত রাখা প্রয়োজন। ধর্মীয়, সামাজিক ও পারিবারিক মূল্যবোধ যত বেশি শক্তিশালী থাকবে, প্রবীণদের যত্ন, সম্মান ও মর্যাদাও তত বেশি সুরক্ষিত থাকবে বলে তিনি মনে করেন।
প্রবীণদের স্বার্থ রক্ষায় সরকার সম্ভাব্য সব ধরনের পদক্ষেপ নেবে জানিয়ে প্রধানমন্ত্রী দেশের সব প্রবীণ নাগরিকের প্রতি শ্রদ্ধা ও শুভেচ্ছা জানান। একই সঙ্গে ৩৬তম আন্তর্জাতিক প্রবীণ দিবসের সার্বিক সাফল্য কামনা করেন।
প্রবীণ নাগরিক,সামাজিক নিরাপত্তা,বয়স্ক ভাতা